শুনানির লাইনে দাঁড়িয়ে জ্ঞান হারালো যুবক, তপন বিডিও অফিসে এস আই আর নিয়ে আতঙ্ক ও ক্ষোভ

0
126

বালুরঘাট, ১৯ জানুয়ারী —- এস আই আর শুনানির লাইনে দাঁড়িয়ে হঠাৎই সংজ্ঞা হারালেন এক যুবক কৃষক। ঘটনাকে ঘিরে সোমবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুরের তপন বিডিও অফিস চত্বরে। অসুস্থ অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও কয়েক ঘণ্টার চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে ছুটি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ ওই যুবকের নাম আদ্বিনাথ কিস্কু (২৯)। তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের দেওলবাড়ি এলাকার বাসিন্দা তিনি। পেশায় কৃষক আদ্বিনাথের সোমবারই ছিল এস আই আর সংক্রান্ত শুনানির দিন। ভোর সকালেই সমস্ত কাগজপত্র নিয়ে বিডিও অফিসে পৌঁছে লাইনে দাঁড়ান তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘক্ষণ রোদে ও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন আদ্বিনাথ। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়লে চাঞ্চল্য ছড়ায় গোটা অফিস চত্বরে।
পরিবারের সদস্য ও উপস্থিত সাধারণ মানুষ দ্রুত তাঁকে উদ্ধার করে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণেই শারীরিক কিছু অস্বাভাবিকতা দেখা দেয়। তবে সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।
অন্যদিকে, আদ্বিনাথের পরিবারের অভিযোগ, শুনানির জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা বা স্বাস্থ্য সংক্রান্ত নজরদারি না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে তপনের বিডিও রাজীব তরফদার বৈঠকে ব্যস্ত থাকায় কোনও মন্তব্য করতে চাননি।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ব্যবস্থাপনা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।