তিনবাত্তি মোড়ে ট্রাক চালককে মারধর ও তোলাবাজির অভিযোগ,আদালতে পেশ দুই অভিযুক্তকে!

0
45

তিনবাত্তি মোড়ে ট্রাক চালককে মারধর ও তোলাবাজির অভিযোগ,আদালতে পেশ দুই অভিযুক্তকে!সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে NJP থানার পুলিশ

শিলিগুড়ি:-

শিলিগুড়ির নৌকাঘাট সংলগ্ন তিনবাত্তি মোড়ে ভিনরাজ্যের চালবোঝাই ট্রাক আটকে চালককে মারধর এবং তোলাবাজির অভিযোগের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্তকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।ধৃতদের নাম অভিজিৎ সিংহ ও সুরজিৎ সিংহ।দু’জনেই মাটিগাড়া এলাকার পতিরামজোতের বাসিন্দা এবং সম্পর্কে ভাই।পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।ধৃত দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।তবে এই ঘটনায় মূল অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।উল্লেখ্য,চলতি মাসের রবিবার রাতে শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায় ভিনরাজ্যের একটি চালবোঝাই ট্রাক আটক করে তোলাবাজির উদ্দেশ্যে ট্রাকচালককে মারধরের অভিযোগ ওঠে।এই ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর সুজয় বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস এবং তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে।ঘটনার খবর পেয়েই রবিবার রাতে তৎপর হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।ঘটনাস্থল থেকে একটি চারচাকা গাড়ি,ট্রাক এবং ট্রাকচালককে থানায় নিয়ে যাওয়া হয়।পাশাপাশি ঘটনাস্থল থেকেই আটক করা হয় দুই অভিযুক্তকে।মঙ্গলবার তাঁদের আদালতে পেশ করা হয়।তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ির রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।উঠছে একাধিক প্রশ্ন।প্রশাসনের কাজ যদি কোনও জনপ্রতিনিধির ঘনিষ্ঠ বা তাঁর পরিবারের সদস্যরা নিজেদের হাতে তুলে নেন,তাহলে প্রশাসনের ভূমিকা কী?ট্রাকের কাগজপত্র পরীক্ষা করা কিংবা ট্রাকের ত্রিপল খুলে পণ্য দেখার অধিকার কার রয়েছে?প্রশাসনের, নাকি কোনও ব্যক্তিগত গোষ্ঠীর?গোটা ঘটনায় ইতিমধ্যেই নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বিধায়িকা শিখা চ্যাটার্জি।তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
রাজনৈতিক মহলের একাংশের মতে,এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ অত্যন্ত জরুরি।বর্তমানে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।পলাতক মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি জারি রয়েছে।এখন দেখার,তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে এগোয় এবং এই ঘটনায় আর কারও নাম সামনে আসে কি না।