উৎসব শেষে শহরকে দৃশ্য দূষণমুক্ত করতে ফ্লেক্স-ফেস্টুন অপসারণে নামল কালিয়াগঞ্জ পুরসভা

0
34

দুর্গাপূজা থেকে শুরু করে দীপাবলি এবং ছটপূজা—উৎসবের মরশুমে সেজে উঠেছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহর। শহরজুড়ে পুরাভার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে লাগানো হয়েছিল শুভেচ্ছা বার্তা সম্বলিত প্রচুর ফ্লেক্স ও ফেস্টুন। তবে উৎসব শেষ হতেই এবার শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নামল কালিয়াগঞ্জ পুরসভা। দৃশ্য দূষণ রোধ করতে শহরের বিভিন্ন মোড় ও বাজার চত্বর থেকে এই সমস্ত ফ্লেক্স ও ফেস্টুন খোলার কাজ শুরু করে দিয়েছেন পুরসভার সাফাই কর্মীরা।পুর কাউন্সিলার গৌরাঙ্গ দাস জানান,”আমাদের দুর্গাপূজা, দীপাবলি এবং ছটপূজা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শহরবাসীকে শুভেচ্ছা জানিয়ে অনেকেই ফ্লেক্স ও ফেস্টুন লাগিয়েছিলেন। কিন্তু এখন উৎসব শেষ। এই ফ্লেক্সগুলোর কারণে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং দৃশ্য দূষণ বাড়ছে। তাই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুন্দর রাখতে আমরা পুরসভার পক্ষ থেকে এই সমস্ত ফ্লেক্স ও ফেস্টুন খুলে ফেলার কাজ শুরু করেছি। সাধারণ মানুষের কাছেও আমাদের আবেদন, শহরকে সুন্দর রাখতে সবাই সহযোগিতা করুন।