চাকরির নামে কারা তুলেছিল টাকা! শপথের আগেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের নাম ছড়িয়ে তোলপাড় দক্ষিণ দিনাজপুর
বালুরঘাট, ৭ মে —- সরকার গঠনের আগেই দক্ষিণ দিনাজপুরে শুরু হয়ে গেল দুর্নীতি ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে গরিব পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ তুলে একাধিক তৃণমূল নেতার নাম প্রকাশ্যে আনলেন বিজেপি নেতৃত্বের একাংশ। আর সেই অভিযোগ ঘিরেই জেলাজুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।
ঘটনার সূত্রপাত বাউলের এক যুবক তপন সরকারের পোস্ট ঘিরে। সোশ্যাল মিডিয়ায় তিনি এলাকার নয় জন তৃণমূল নেতার নাম প্রকাশ করে দাবি করেছেন, চাকরির প্রলোভন দেখিয়ে বহু যুবক-যুবতীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলা হয়েছে। তাঁর আরও অভিযোগ, টাকা ফেরতের দাবি তুলতেই ভয় দেখানো হচ্ছে অভিযোগকারীদের। যদিও নিজের দাবির সপক্ষে “উপযুক্ত প্রমাণ” রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এর পরই রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে বিজেপির জেলা নেতা সুমন বর্মন কার্যত প্রকাশ্য হুঁশিয়ারি দেন। ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর শপথের আগে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। গরিব মানুষের কাছ থেকে চাকরি ও কাটমানির নামে যে টাকা নেওয়া হয়েছে, সব ফেরত দিতে হবে। তা না হলে শপথের এক ঘণ্টা পর থেকেই জনতার আদালতে বিচার শুরু হবে।”
এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। বিজেপি সমর্থকদের একাংশ দুর্নীতির বিরুদ্ধে ‘কড়া অবস্থান’-এর প্রশংসা করলেও বিরোধী শিবিরের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিত ভাবে এই ইস্যু উসকে দেওয়া হচ্ছে।
শনিবার রাজ্যে প্রথমবার বিজেপি পরিচালিত সরকার শপথ নিতে চলেছে। তার ঠিক আগে দক্ষিণ দিনাজপুরে ‘চাকরির টাকা’ ইস্যু ঘিরে যে বিস্ফোরক আবহ তৈরি হয়েছে, তাতে এখন রাজনৈতিক মহলের নজর একটাই— অভিযোগের তাপে শেষ পর্যন্ত কারা পড়তে চলেছেন চাপে।






















