আট মাসের বেতন বকেয়া, পথে নামল সবুজসেনা! মহকুমাশাসকের দ্বারস্থ ১৩০ মহিলা কর্মী

0
31

আট মাসের বেতন বকেয়া, পথে নামল সবুজসেনা! মহকুমাশাসকের দ্বারস্থ ১৩০ মহিলা কর্মী

বালুরঘাট, ২৫ জুন — পরিবেশ রক্ষার দায়িত্ব কাঁধে, অথচ নিজেদের সংসারই টানাপোড়েনের মুখে। আট মাসের বেতন বকেয়ার অভিযোগ তুলে এবার মহকুমাশাসকের দ্বারস্থ হলেন বালুরঘাট পৌরসভার সবুজায়ন প্রকল্পে কর্মরত প্রায় ১৩০ জন মহিলা শ্রমিক।
উইমেন্স ফর ট্রি নামে একটি চুক্তিভিত্তিক সংস্থার অধীনে পৌর এলাকার গাছপালা ও সবুজায়নের রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত রয়েছেন তাঁরা। কর্মীদের অভিযোগ, মাসিক ৬ হাজার টাকা বেতন নির্ধারিত থাকলেও বিভিন্ন খাতে কাটাকুটির পর হাতে আসে মাত্র তিন হাজার টাকার মতো। তার উপর গত ১১ মাসে নিয়মিত কাজ করেও পেয়েছেন মাত্র তিন মাসের বেতন। ফলে আট মাসের পারিশ্রমিক এখনও বকেয়া।
কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে তাঁরা দ্রুত বকেয়া মেটানো এবং বেতন কাঠামোয় স্বচ্ছতার দাবি জানিয়েছেন। যে দাবিগুলি জানিয়ে বৃহস্পতিবার বালুরঘাট মহকুমাশাসকের কাছে ডেপুটেশন জমা দেন কর্মীরা। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থা বা বালুরঘাট পৌরসভার কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। বেতন বকেয়া ঘিরে কর্মীদের ক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে।