পুলিশের অভিযান,বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও ক্যাপসুল সহ গ্রেফতার ৩

0
72

*পুলিশের অভিযান,বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও ক্যাপসুল সহ গ্রেফতার ৩*

শিলিগুড়ি:-

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশের ডিডি টিম ও এসপিসি। ভক্তিনগর থানার অন্তর্গত ৪২নম্বর ওয়ার্ডের চয়নপাড়ার সংকল্প এনক্লেভ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করল পুলিশ।ধৃতদের নাম সমীরণ বিশ্বাস (৪১),সঞ্জয় মণ্ডল (৫৪) ও সঞ্জিত সিং (৪০)।দু’জনের বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ২৩নম্বর ওয়ার্ডের সূর্যনগর,ডাবগ্রাম-১এলাকায়।
অন্যদিকে,সঞ্জিত সিং বিহারের ছাপড়া জেলার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযানে মোট ২৫টি কাগজের কার্টন থেকে ১০০মিলিলিটারের ৪,০০০বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ উদ্ধার হয়।প্রতিটি কার্টনে ১৬০টি করে বোতল ছিল।পাশাপাশি ৭২,০০০টি অ্যাসিটামিনোফেন, ট্রামাডল হাইড্রোক্লোরাইড ও ডাইসাইক্লোমিন হাইড্রোক্লোরাইড ক্যাপসুলও উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।ধৃত তিনজনকে আরও জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হবে।উদ্ধার হওয়া নিশা সামগ্রী উৎস ও এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে,তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।