বিহার থেকে আসা বোলেরো পিকআপ থেকে ৭টি মহিষ উদ্ধার, গ্রেপ্তার তিন
আলিপুরদুয়ার: অভিযান চালিয়ে একটি বোলেরো পিকআপ গাড়ি থেকে সাতটি মহিষ উদ্ধার করল শামুকতলা থানার পুলিশ। এই ঘটনায় গাড়ির চালক-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, বিহার থেকে মহিষ বোঝাই একটি বোলেরো পিকআপ আসছে। সেই খবরের ভিত্তিতে সন্দেহভাজন বোলেরো পিকআপটি আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে মোট সাতটি মহিষ উদ্ধার করা হয়। মহিষ পরিবহণের বৈধ নথিপত্র চাওয়া হলে গাড়িতে থাকা ব্যক্তিরা তা দেখাতে পারেননি বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
এরপর গাড়ি-সহ সাতটি মহিষ বাজেয়াপ্ত করা হয় এবং গাড়ির চালক সাহরুখ খান (৩১) এবং তাঁর দুই সহযোগী আনন্দ বিশ্বাস (৫৭) ও অবিনাশ কুমারকে (৩৪) গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সাহরুখ খানের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার পূর্ণিয়া সদর থানার অন্তর্গত আব্দুলনগর এলাকায়। আনন্দ বিশ্বাস অসমের কামরূপ জেলার আমবাড়ি থানা এলাকার একে আজাদ রোডের বাসিন্দা। অন্যদিকে, অবিনাশ কুমারের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার পূর্ণিয়া সদর থানার অন্তর্গত নয়াটোলা, ৩৪ নম্বর ওয়ার্ডে।
ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া মহিষগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।




















