বালুরঘাট, ১৪ মার্চ — রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং গ্যাস পেতে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে শনিবার পথে নামল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস। এদিন দুপুরে বালুরঘাট শহরের আর্য সমিতি মোড়ে পথ অবরোধ কর্মসূচি ঘিরে কিছু সময়ের জন্য কার্যত স্তব্ধ হয়ে পড়ে শহরের অন্যতম ব্যস্ত এই সংযোগস্থল। মুহূর্তের মধ্যেই তৈরি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে উঠে যায় অবরোধ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব সহ দলের একাধিক নেতা-কর্মী। গোপাল দেবের অভিযোগ, এক ধাক্কায় ৬০ টাকা গ্যাসের দাম বাড়ানোয় নাজেহাল সাধারণ মানুষ। শুধু দামই নয়, অনেক ক্ষেত্রেই গ্যাস পেতে গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে বলেও দাবি তাঁর। কেন্দ্রের ‘ভুল বিদেশ নীতি’র জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে কটাক্ষ করে তিনি জানান, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলার বিভিন্ন ব্লকেই কংগ্রেসের তরফে একই ধরনের অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে।























