আদিবাসী মহিলা ও নাবালিকা ধর্ষণের প্রতিবাদে গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল

0
83

আদিবাসী মহিলা ও নাবালিকা ধর্ষণের প্রতিবাদে গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল
বিধায়ক ও সাংসদের কুশপুত্তলিকা দাহন আদিবাসী সেঙ্গেল অভিযানের
শীতল চক্রবর্তী বালুরঘাট :
রাজ্যের বিভিন্ন প্রান্তে আদিবাসী মহিলা ও নাবালিকাদের উপর ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহন কর্মসূচি পালন করল আদিবাসী সেঙ্গেল অভিযান। পাশাপাশি রাজ্যজুড়ে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও তোলা হয় এই কর্মসূচি থেকে।
শুক্রবার গঙ্গারামপুর ফুটবল মাঠ থেকে আদিবাসী সেঙ্গেল অভিযানের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে আদিবাসী সমাজের বহু মানুষ তীর-ধনুক ও ধারালো অস্ত্র হাতে শামিল হন। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে চৌপথি এলাকায় এসে শেষ হয়।
চৌপথি এলাকায় পৌঁছে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা, সাংসদ খগেন মুরমু, বিধায়ক বুধরাই টুডু সহ এসটি কোঠার সমস্ত বিধায়ক ও সাংসদদের কুশপুত্তলিকা দাহন করেন সংগঠনের সদস্যরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি, সেঙ্গেল জেলা পারগানা সুজিত মুর্মু, যুব মোর্চা সভাপতি পরিমল হাসদা, ব্লক সভাপতি বিপ্লব হেমরম, মহিলা মোর্চা সভাপতি সোনতি মুর্মু সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
এই বিষয়ে সংগঠনের জেলা সভাপতি পরিমল মার্ডি বলেন, রাজ্যে একের পর এক আদিবাসী মহিলা ও নাবালিকাদের উপর অত্যাচার ও ধর্ষণের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আদিবাসী সমাজের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।