চায়ের দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ, ২ কেজি গাঁজা-সহ গ্রেপ্তার

0
30

চায়ের দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ, ২ কেজি গাঁজা-সহ গ্রেপ্তার
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২৫ সেপ্টেম্বর: চায়ের দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুর থানার রতনমালা কলোনি এলাকায় এই অভিযান চালানো হয়। ধৃতের নাম ভজন সাহা। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পেশায় চায়ের দোকানদার বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতনমালা কলোনির একটি চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা ও মদ বিক্রির অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশ বাহিনী ওই চায়ের দোকানে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। এরপরই ভজন সাহাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়।
পুলিশি সূত্রে আরও জানা গিয়েছে, গঙ্গারামপুর থানা এলাকায় নেশাজাতীয় সামগ্রীর বেআইনি কারবারের বিরুদ্ধে অভিযান লাগাতার চালানো হবে। নেশা বিক্রি ও পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।