পুজোর ভিড় সামলাতে আগাম প্রস্তুতি,শিলিগুড়ির দুর্গা পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্রশাসনের সমন্বয় বৈঠক

0
24

পুজোর ভিড় সামলাতে আগাম প্রস্তুতি,শিলিগুড়ির দুর্গা পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্রশাসনের সমন্বয় বৈঠক

শিলিগুড়ি:-
দুর্গাপুজোর দিনগুলিতে বাড়তি ভিড় ও যানজট সামলানো থেকে শুরু করে অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিষেবা সবদিকেই আগাম প্রস্তুতির বার্তা দিল শিলিগুড়ি পুরনিগম।পুজোর আগে শহরের দুর্গাপুজো কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে দীনবন্ধু মঞ্চে আয়োজিত হল বিশেষ সমন্বয় বৈঠক।বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের Secretary তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক আর বিমলা,শিলিগুড়ির মহকুমা শাসক, ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ,দমকল বিভাগের আধিকারিক,বিদ্যুৎ পরিষেবা দপ্তরের প্রতিনিধিরা সহ জরুরী পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা।পুজোর কয়েকদিন শহরে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।ফলে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও বেরনোর ব্যবস্থা,ভিড় নিয়ন্ত্রণ,যান চলাচল স্বাভাবিক রাখা ও কোনওরকম জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া এই বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।পুজো কমিটিগুলিকে সরকারি নির্দেশিকা মেনে সমস্ত আয়োজন করার পরামর্শ দেওয়া হয়।মণ্ডপ নির্মাণ,অগ্নিনিরাপত্তা,বিদ্যুৎ পরিষেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে,তা পুজো উদ্যোক্তাদের সামনে তুলে ধরা হয়।একইসঙ্গে নির্দেশিকা অমান্য করে যাতে কোনও ধরনের সমস্যা তৈরি না হয়,সে বিষয়েও সতর্ক করা হয়েছে।জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে দ্রুত যোগাযোগের পদ্ধতিও পুজো উদ্যোক্তাদের জানানো হয়।প্রশাসনের বিভিন্ন দপ্তর ও পুজো কমিটির মধ্যে সমন্বয় আরও মজবুত করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।এদিনের বৈঠকে শিলিগুড়ি পুরনিগম এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।দুর্গাপুজোর দিনগুলিতে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পুর প্রশাসন সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বার্তা দেওয়া হয় উদ্যোক্তাদের।