লাল ঝড় বালুরঘাটে! মনোনয়নে শক্তি প্রদর্শনে বামফ্রন্ট

0
56

বালুরঘাট, ১ এপ্রিল —– বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে রাস্তায় নামল বামফ্রন্ট। বুধবার বালুরঘাট শহর কার্যত লাল রঙে ঢেকে যায় বিশাল মিছিল ও সমাবেশে। জেলার চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্র—বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও কুমারগঞ্জে প্রার্থীদের মনোনয়ন জমাকে ঘিরে এদিন শক্তি প্রদর্শনে সরব হয় বাম শিবির।
দুপুর প্রায় একটা নাগাদ যুবশ্রী মোড় থেকে শুরু হওয়া মিছিল মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয়। প্রার্থী ও শীর্ষ নেতৃত্বকে সামনে রেখে কর্মী-সমর্থকদের ঢল নামে শহরের রাস্তায়। লাল পতাকা, ব্যানার আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে বালুরঘাটের প্রধান সড়কগুলি। উৎসবের আবহে মিছিল এগিয়ে যায় জেলা শাসকের দফতরের দিকে।
দুপুর দেড়টা থেকে পৌনে দু’টার মধ্যে প্রার্থীরা পৌঁছে যান জেলা প্রশাসনিক ভবনে এবং আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। বালুরঘাটে আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরী, তপনে বাপ্পাই হোরো, কুমারগঞ্জে সিপিএমের মোফাজ্জল হোসেন এবং গঙ্গারামপুরে বিপ্লব বর্মন এদিন মনোনয়ন জমা দেন।
মনোনয়ন ঘিরে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং আসন্ন নির্বাচনের আগে সংগঠনগত শক্তি ও মনোবল প্রদর্শনের স্পষ্ট বার্তা দিল বামফ্রন্ট।