বালুরঘাট, ১৭ মার্চ —- বালুরঘাটে প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফুঁসে উঠল গেরুয়া শিবিরের অন্দরমহল। বিজেপির ঘোষিত প্রার্থী আইনজীবী বিদ্যুৎ রায়কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন খোদ দলীয় নেতা-কর্মীরাই। অভিযোগের তির শুধু বিরোধীদের দিকে নয়, বরং দলের অন্দরেই। ফলে ভোটের মুখে অস্বস্তি বেড়েছে বিজেপির শিবিরে।
সোমবার বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে বিদ্যুৎ রায়ের নাম ঘোষণার পর থেকেই একের পর এক কটাক্ষ ভেসে আসে ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে। কেউ লিখেছেন, “টিকিটের দাম খুবই হাই ছিল, তাই প্রকৃত কর্মীরা সুযোগ পাননি”। আবার কারও সরাসরি মন্তব্য, “এই প্রার্থী গো হারা হারবে”। এমনকি ‘বয়কট বালুরঘাট বিজেপি প্রার্থী’— এই স্লোগানও দেখা যায় একাধিক পোস্টে।
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে প্রার্থীর রাজনৈতিক পরিচয় নিয়েই। কারণ, প্রার্থী ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেই বিজেপিতে যোগ দেন বিদ্যুৎ রায়। দীর্ঘদিনের দলীয় কর্মীরা যখন টিকিটের আশায় ছিলেন, তখন একেবারে ‘নতুন মুখ’-কে প্রার্থী করা নিয়ে ক্ষোভ আরও তীব্র হয়েছে।
অন্যদিকে, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী বিজেপির বিধায়ক অশোক লাহিড়ীর নাম বাদ পড়ায় বিস্ময় ও ক্ষোভ— দুই-ই ছড়িয়েছে। দলীয় কর্মীদের একাংশ প্রশ্ন তুলেছেন, “যিনি জিতিয়েছিলেন, তাকেই কেন সরানো হল?”
এই পরিস্থিতিতে বিদ্যুৎ রায় অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, এই সবই ‘চক্রান্ত’। বিষয়টি দল দেখবে বলেই জানিয়েছেন তিনি।
তবে রাজনৈতিক মহলের মতে, প্রার্থী ঘোষণার আগেই জেলা সভাপতির ইস্তফা ঘিরে যে অস্বস্তি তৈরি হয়েছিল, তা এখনও কাটেনি। বরং নতুন প্রার্থীকে ঘিরে প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়ায় সেই অস্বস্তি আরও প্রকট হয়েছে।
ভোটের লড়াইয়ের আগে বালুরঘাটে এখন বিজেপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ— প্রতিপক্ষ নয়, নিজেদের ঘরের আগুন নেভানো। না হলে এই অগ্ন্যুৎপাতই ভোটের ময়দানে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে— এমনটাই আশঙ্কা রাজনৈতিক মহলের।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বয়কটের ডাক, ‘গোহারা হারবে’ ভবিষ্যদ্বাণী! নির্বাচনের শুরুতেই বেকায়দায় বালুরঘাটের গেরুয়া প্রার্থী























