শীতল চক্রবর্তী বালুরঘাট ২৯ মার্চ:দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে সঙ্গীতপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো। “তবলাকে” কেন্দ্র করে এক বিশেষ অনুষ্ঠান ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে গঙ্গারামপুরের রিদম স্কুল অফ মিউজিক।গঙ্গারামপুর শহরের কালিতলার নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে ২৮ ও ২৯ মার্চ দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে ব্যাপক সাড়া মিলেছে।
শিবিরের উদ্যোক্তা তমাল হুই-এর উদ্যোগে শিলিগুড়ি থেকে আগত প্রখ্যাত তবলা বাদক সুবীর কুমার জি সরাসরি প্রশিক্ষণ দিচ্ছেন তবলায় প্রশিক্ষণ নেওয়া ছাত্র-ছাত্রীদের।বালুরঘাট, বুনিয়াদপুর, কুশমন্ডি, রায়গঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানস্থলে শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবক ও সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবলার মূর্ছনায় জমে ওঠে পুরো প্রাঙ্গণ, তৈরি হয় এক অনন্য সঙ্গীতময় পরিবেশ।
বিখ্যাত তবলা বাদক সুবীর কুমার জি বলেন,“তবলা শুধুমাত্র একটি বাদ্যযন্ত্র নয়, এটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রাণ।ছোটবেলা থেকেই সঠিক তালিম পেলে একজন শিল্পী নিজের ভেতরের সৃজনশীলতাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে।”
রিদম স্কুল অফ মিউজিকের কর্ণধার তমাল হুই জানান,
“বর্তমান প্রজন্মকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে আরও বেশি যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। তবলার মতো গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ বাড়াতে এই ধরনের কর্মশালা অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাব।”
এই দুই দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়,গঙ্গারামপুরে সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর তবলার তালে মুগ্ধ গঙ্গারামপুর, দুই দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরে উপচে পড়া ভিড়



















