শীতল চক্রবর্তী বালুরঘাট ১৯ ফেব্রুয়ারি।দীর্ঘদিনের দাবি পূরণে বড় পদক্ষেপ নিল গঙ্গারামপুর পুরসভা। পুরসভার অন্তর্গত মোট ১৮টি ওয়ার্ডের প্রায় সাড়ে ১৭হাজার উপভোক্তার বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে শুরু হলো জলের পাইপলাইন বসানোর কাজ।
বৃহস্পতিবার গঙ্গারামপুর স্টেডিয়ামের পশ্চিম প্রান্তের মাঠে ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস ও শুভ উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। প্রায় তিন মাস আগে গঙ্গারামপুর স্টেডিয়ামের উত্তর পূর্ব প্রান্তে এই প্রকল্পের প্রথম পর্যায়ে জলাধার (রিজার্ভার) নির্মাণের শিলান্যাস করা হয়েছিল।সেই নির্মাণকাজ বর্তমানে প্রায় শেষের পথে। এবার দ্বিতীয় পর্যায়ে পাইপলাইন বসানোর কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন আরও এক ধাপ এগোল। সূত্রের খবর, সমগ্র প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৪ কোটির কিছু বেশি।এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় এই কাজ সম্পন্ন হচ্ছে।বৃহৎ এই পরিকাঠামোগত প্রকল্পের বাস্তবায়নের দায়িত্বে রয়েছে মিউনিসিপালিটি ডিপার্টমেন্টের মালদা ডিভিশন।
পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান,”আগামী চার মাসের মধ্যেই পুরসভার ১৮টি ওয়ার্ডে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু করা হবে। তিনি আরো বলেন ,“পুরবাসীর যাতে কোনওরকম অসুবিধা না হয়,সেদিকে বিশেষ নজর রেখেই পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন করা হবে।বিধানসভা নির্বাচনের আগেই যেসব এলাকায় কাজ শেষ হবে,সেখানে পরিষেবা চালু করে দেওয়া হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান ,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,পুরসভার এক্সিকিউটিভ, বড়বাবু থেকে মালদা বিভাগের আধিকারিকেরা অবস্থিত ছিলেন।
এই প্রকল্প বাস্তবায়িত হলে গঙ্গারামপুর শহরের পানীয় জল সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী পুর প্রশাসন ও শহরবাসী।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে ৭৪ কোটির জল প্রকল্পের উদ্বোধনে চেয়ারম্যান প্রশান্ত, চার মাসে ১৮টি ওয়ার্ডে...























