গঙ্গারামপুরে ‘যুব সাথী’ বিশেষ ক্যাম্পে উপচে পড়া ভিড়, প্রায় ৪ হাজার ফর্ম জমা

0
11

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর ঘোষিত জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে সামনে রেখেই সাধারণ মানুষের কাছে পৌঁছনোর কৌশল নিয়েছে দলীয় নেতৃত্ব। সেই উদ্যোগের অংশ হিসেবেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ফুলবাড়ি হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত হল ‘যুব সাথী’র বিশেষ ক্যাম্প।

শিবির ঘিরে সকাল থেকেই ছিল ব্যাপক উৎসাহ। আয়োজকদের দাবি, এদিন প্রায় চার হাজার যুবক-যুবতী ‘যুব সাথী’ প্রকল্পের ফর্ম জমা দেন। পাশাপাশি বহু বাসিন্দা ‘লক্ষ্মীর ভান্ডার’ ও ‘কৃষক বন্ধু’ প্রকল্পের আবেদনপত্রও জমা করেন। ফলে একসঙ্গে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পেতে মানুষের ভিড় উপচে পড়ে ক্যাম্প প্রাঙ্গণে।

তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা যাতে প্রকৃত প্রাপকের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই এই ধরনের বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে যুব সমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ‘যুব সাথী’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলেও দাবি করেন নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর তথা ব্লক তৃণমূল সভাপতি সঙ্কু সরকার, উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ কুন্ডু, উপপ্রধান জে বার্লা, অঞ্চল তৃণমূল সভাপতি জনাব আলী এবং গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল প্রমুখ। প্রশাসনিক ও দলীয় নেতৃত্বের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় এই বিশেষ ক্যাম্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here