উন্নয়নের খতিয়ান শূন্য! ১০ বছরের হিসাব চাইছে বালুরঘাট”—মাঠে নেমেই বাম-বিজেপিকে তোপ অর্পিতার

0
7

বালুরঘাট, ১৭ মার্চ — প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই বালুরঘাটে রাজনীতির আবহ যেন হঠাৎই উত্তপ্ত। তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই অর্পিতা ঘোষ সরাসরি আক্রমণের নিশানা করলেন বাম ও বিজেপিকে। তাঁর অভিযোগ, গত এক দশকে বিধায়ক থাকা সত্ত্বেও বিরোধীরা এই কেন্দ্রকে উন্নয়নের আলো দেখাতে ব্যর্থ—“খাতায়-কলমে প্রতিশ্রুতি, মাটিতে শূন্য ফল”।
মঙ্গলবার বিকেলে ঘোষণার পর বালুরঘাট শহর জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের রং। দলীয় কর্মী-সমর্থকদের মিষ্টিমুখ, ফুলের মালায় শুভেচ্ছা আর ঢাকের তালে তালে উচ্ছ্বাস—সব মিলিয়ে রাজনৈতিক ঘোষণাকে ঘিরে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। বিশেষভাবে নজর কাড়ে মহিলাদের অংশগ্রহণে প্রার্থী পরিচয়ের সুবৃহৎ মিছিল, যা তৃণমূলের সংগঠনিক শক্তিরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আত্মবিশ্বাসী সুরে অর্পিতা বলেন, “দক্ষিণ দিনাজপুরের সাংসদ হিসেবে কাজ করেছি, মানুষের পাশে থেকেছি। সেই অভিজ্ঞতা নিয়েই আবার মাঠে নামছি। কিন্তু বাম-বিজেপির ১০ বছরের আমলে বালুরঘাটে বাস্তবিক কোনও উন্নয়ন হয়নি। তাঁর প্রতিশ্রুতি, মানুষের আশীর্বাদ পেলে আগের উন্নয়ন-যজ্ঞকে আরও গতিশীল করে তুলবেন।
ভোটের আগে এই মন্তব্যে জোরদার হচ্ছে রাজনৈতিক তরজা। পাল্টা জবাবের ইঙ্গিত দিয়েছে বিরোধীরাও। সব মিলিয়ে স্পষ্ট—এবার বালুরঘাটের লড়াই শুধুই ভোটের নয়, উন্নয়নের হিসাব-নিকাশের ময়দানও বটে।