গঙ্গারামপুর, ২৩ ফেব্রুয়ারি: দক্ষিণ দিনাজপুরবিধানসভা ভোটের আগে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে বড়সড় রাজনৈতিক ভাঙন। আরএসপি শিবিরে ধস নামিয়ে শাসক দলে যোগদান করলেন আরএসপির শ্রমিক সংগঠনের জেলা নেতা তথা বিশিষ্ট ব্যবসায়ী রামগোপাল বিশ্বাস-সহ প্রতিবাদ ক্লাবের একাধিক কর্মকর্তা ও সদস্য।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে দলবদলের রাজনীতি যখন তুঙ্গে, তখন গঙ্গারামপুর শহরও তার ব্যতিক্রম রইল না। রাজনৈতিক মহলের মতে, এই ভাঙনের ফলে শহরের বুকে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী হল।
এক সময় গঙ্গারামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জ্যোতিবসু রোড সংলগ্ন প্রতিবাদ ক্লাব ছিল মূলত আরএসপি-সমর্থিত। ক্লাবের সভাপতি রামগোপাল বিশ্বাস দীর্ঘদিন ধরে আরএসপির শ্রমিক সংগঠনের জেলা নেতার দায়িত্ব পালন করে আসছিলেন। বামফ্রন্ট প্রায় ১৫ বছর আগে ক্ষমতাচ্যুত হলেও তাঁর নেতৃত্বেই প্রতিবাদ ক্লাবটি আরএসপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল।
কিন্তু বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। সেই প্রেক্ষিতেই রবিবার সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ গঙ্গারামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জ্যোতিবসু রোড সংলগ্ন প্রতিবাদ ক্লাব প্রাঙ্গণে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে রামগোপাল বিশ্বাস-সহ প্রতিবাদ ক্লাবের প্রায় ৭ জন মহিলা সদস্য মিলিয়ে মোট ৪৩ জন সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রশান্ত মিত্র। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব সেন, গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক কমলেশ ফৌজদার, শিক্ষক নেতা সুব্রত মুখার্জি, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৌশিক সাহা, গঙ্গারামপুর টাউন এসটি-এসসি তৃণমূল সভাপতি বাবু চৌধুরী, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুভদ্রা রাজবংশী, ওয়ার্ড সভাপতি রবি হালদার, তৃণমূল নেতা প্রাণজিৎ দাস, শিক্ষক নেতা শ্যামল ঘোষ, প্ররিতোষ দত্ত, রতন ঘোষ-সহ আরও অনেক নেতা-কর্মীরা।
এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রশান্ত মিত্র বলেন,
“অনেকেই স্বেচ্ছায় দলে যোগদান করতে চেয়েছিলেন। তাঁদের দলে নেওয়া হয়েছে। এর ফলে সংগঠন আরও শক্তিশালী হবে।”
অন্যদিকে দলবদলকারী ক্লাবের অন্যতম সভাপতি রামগোপাল বিশ্বাস বলেন,
“উন্নয়নের শরিক হতেই শাসক দলে যোগদান করেছি। দলীয় নেতৃত্বের নির্দেশ মেনেই আগামী দিনে কাজ করে যাব।”
বিধানসভা ভোটের আগে এই দলবদল গঙ্গারামপুর শহরের রাজনৈতিক মানচিত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ ক্লাবের যোগদান করলেন তৃণমূলে, বিরাট ভাঙ্গন ধরলে আরএসপিতে























