বালুরঘাট, ২২ ফেব্রুয়ারী : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী থাকল বালুরঘাট। সমাজ, সংস্কৃতি ও মানবিক উদ্যোগকে একসূত্রে গেঁথে এক অভিনব অনুষ্ঠান আয়োজন করল টেক কেয়ার। শনিবার সন্ধ্যায় রবীন্দ্রভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধিত হলেন জেলার বিশিষ্ট গুণীজন ও শিল্পীরা, পাশাপাশি পুরস্কৃত করা হয় সীমান্তবর্তী গ্রামবাংলার মহিলা পরিচালিত ২৬টি দুর্গাপূজা কমিটিসহ শহরের চারটি সমাজমুখী ক্লাবকে।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি চিকিৎসক ডা. পয়োধি ধর-এর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একইসঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অশ্বিনী কুমার ধর-এর প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে জেলার প্রবীণ ও নবীন শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। ভাষার মর্যাদা ও স্থানীয় সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াস স্পষ্ট হয়ে ওঠে প্রতিটি পরিবেশনায়। সন্ধ্যা গড়াতেই রবীন্দ্রভবন যেন পরিণত হয় এক আবেগঘন সাংস্কৃতিক মিলনমেলায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিত্বদের সংবর্ধনা প্রদান। আয়োজকদের মতে, সীমান্ত এলাকার পুজো কমিটি ও ক্লাবগুলির সামাজিক উদ্যোগকে স্বীকৃতি দেওয়াই ছিল এই সম্মানের মূল উদ্দেশ্য, যা ভবিষ্যতে আরও সমাজমুখী কাজকে উৎসাহিত করবে।
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজ-এর ভাইস প্রিন্সিপাল অধ্যাপক অঞ্জন অধিকারী। তাঁর স্বাস্থ্যসচেতনতা বিষয়ক বক্তব্য বিশেষভাবে নজর কাড়ে উপস্থিত দর্শকদের।
ডা. পয়োধি ধর বলেন, “স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি সংস্কৃতির বিকাশও সমান জরুরি। চিকিৎসক, শিল্পী ও সমাজসেবীদের একমঞ্চে এনে সেই বার্তাই তুলে ধরার চেষ্টা করেছি।
ভাষা, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার এই সম্মিলিত আয়োজন নতুন দৃষ্টান্ত স্থাপন করল বলেই মত শহরের সংস্কৃতিপ্রেমীদের।























