ভাইপোর কোলে চেপে এসআইআর হেয়ারিংয়ে হাজির প্রতিবন্ধি প্রৌঢ়, গঙ্গারামপুর বিডিও অফিসে চাঞ্চল্য

0
32

শীতল চক্রবর্তী বালুরঘাট ৫ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।ভাইপোর কোলে চেপে এসআইআর হেয়ারিংয়ে হাজির হলেন এক শারীরিক প্রতিবন্ধি প্রৌঢ়। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেল গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রশাসনিক একটি নিয়মিত প্রক্রিয়ায় অংশ নিতে এমন দৃশ্য দেখে মানবিকতা ও প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন উপস্থিত সাধারণ মানুষ।
জানা গিয়েছে, ওই প্রতিবন্ধি প্রৌঢ়ের নাম আব্দুল গনি। তাঁর বয়স প্রায় ষাটের কাছাকাছি। তিনি গঙ্গারামপুর ব্লকের দোমুঠা ফরিদপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক প্রতিবন্ধিতায় ভুগছেন এবং সম্পূর্ণভাবে হাঁটাচলার ক্ষমতা হারিয়েছেন। দৈনন্দিন কাজকর্মে তাঁকে অন্যের সাহায্যের উপর নির্ভর করেই চলতে হয়।
এসআইআর হেয়ারিং সংক্রান্ত নোটিস পাওয়ার পর বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ আব্দুল গনি তাঁর ভাইপোর সহায়তায় গঙ্গারামপুর বিডিও অফিসে আসেন। নিজে চলাফেরা করতে না পারায় ভাইপোর কোলে চেপেই অফিস চত্বরে প্রবেশ করেন তিনি। এই দৃশ্য চোখে পড়তেই সেখানে উপস্থিত অন্যান্য আবেদনকারী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রতিবন্ধি হয়েও সরকারি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে এভাবে হাজির হওয়ায় অনেকেই প্রশাসনের মানবিক দিক নিয়ে প্রশ্ন তোলেন। প্রতিবন্ধী আব্দুল গনি জানিয়েছেন,”প্রশাসন চাইলে আমাদের মত অসহায়ের এমন সমস্যার পাশে দাঁড়াতে পারতো কিন্তু তারা তা করেনি। সমস্যা নেই ছুটে আসতে হলো।” প্রতিবন্ধীর এক আত্মীয় বলেন, এমন ক্ষেত্রে বাড়ি থেকেই হেয়ারিং বা বিশেষ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাঁর হেয়ারিং গ্রহণ করা হয়।”
পুরো ঘটনাটি ঘিরে বিডিও অফিস চত্বরে কিছুক্ষণ আলোচনা ও বিতর্ক চলে। মানবিক সহানুভূতি ও প্রশাসনিক সুবিধার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে এই ঘটনা। এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here