বালুরঘাটে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি! সুকান্ত মজুমদারসহ ৯০ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

0
228

বালুরঘাটে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি! সুকান্ত মজুমদারসহ ৯০ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

বালুরঘাট, ২০ এপ্রিল: —- পুলিশের উপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিল দক্ষিণ দিনাজপুরে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারসহ মোট ৯০ জন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ। পাশাপাশি, আরো প্রায় ৫০০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, সরকারি কর্মীদের মারধর, খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং বেআইনি জমায়েতের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনা সামনে আসে শনিবার বিকেলে, যখন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে বালুরঘাটে একটি প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছিল। বিক্ষোভকারীরা মহকুমা অফিস ঘেরাও এর ডাক দিয়ে শহরজুড়ে একটি বিরাট মিছিল বের করে। যার পুরোভাগে থেকে নেতৃত্ব দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওইদিন যে মিছিলটি থানামোড়ে এসে পৌঁছলে পুলিশ ব্যারিকেড বসায়। কিন্তু, বিক্ষোভকারীরা ব্যারিকেড উলটে দিয়ে পুলিশের ওপর ইটবৃষ্টি শুরু করে, যা ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করে। এর ফলে, দুই সিভিক ভলেন্টিয়ারসহ প্রায় ১০ জন পুলিশ কর্মী গুরুতর আহত হন, এর মধ্যে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসও আঘাতপ্রাপ্ত হন। এর পর, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এই লাঠিচার্জের পরিপ্রেক্ষিতে, বিজেপি পক্ষ থেকে দাবি করা হয় যে, বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলেও দাবি তাদের। সুকান্ত মজুমদার এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ঘটনা ২৬ শের নির্বাচনের আগে পুলিশের চক্রান্ত। তিনি বলেন, পুলিশ মিথ্যে মামলা দেবে বলেই আহত হবার নাটক করছে। তাদের বিরুদ্ধে মামলা হলে তারাও মামলা করবেন পুলিশের বিরুদ্ধে।

বালুরঘাট থানার পুলিশ সূত্রে জানা গেছে, সুকান্ত মজুমদারসহ ৯০ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মামলায় সরকারি কর্মীদের মারধর, খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ৫০০ জনেরও বেশি নাম অভিযুক্তদের তালিকায় রয়েছে, যারা বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তবে ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানিয়েছেন, “তদন্ত চলছে, এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here