0
23

দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় নিলেন করদহ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক চিত্তরঞ্জন রায়। তবে বিদায়ের মুহূর্তকেও তিনি স্মরণীয় করে রাখলেন এক অনন্য উদ্যোগের মাধ্যমে। বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রায় এক লক্ষ টাকা দান করে সহকর্মী, ছাত্রছাত্রী এবং এলাকার মানুষের হৃদয় ছুঁয়ে গেলেন তিনি।
গঙ্গারামপুর থানার নয়াবাজার গোপালপুর এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন রায় ১৯৯১ সালে করদহ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর টানা প্রায় ৩৫ বছর নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে তিনি শিক্ষকতা করে অসংখ্য ছাত্রছাত্রীর জীবনে আলোর দিশা দেখিয়েছেন। চলতি বছরের ৩১ জানুয়ারি তিনি শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করেন।
শনিবার বেলা প্রায় ১টা নাগাদ বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাচ, গান, স্মৃতিচারণা এবং আবেগঘন বক্তব্যে ভরে ওঠে গোটা পরিবেশ। সহকর্মী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা তাঁর সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিদায় সংবর্ধনা গ্রহণের পরেই সকলকে চমকে দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রধান শিক্ষক সুরজিত দাসের হাতে প্রায় এক লক্ষ টাকার একটি চেক তুলে দেন চিত্তরঞ্জন রায়। তাঁর এই মহৎ উদ্যোগে আপ্লুত হয়ে পড়ে বিদ্যালয় পরিবার। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন আদর্শ শিক্ষকের প্রকৃত পরিচয় তিনি আবারও তুলে ধরলেন।