হাসপাতালের বুকে দুঃসাহসিক অপহরণ! সিসিটিভির সূত্র ধরে দু’ঘণ্টায় উদ্ধার সিকিউরিটি সুপারভাইজার, ধৃত এক

0
127

বালুরঘাট, ১২ ফেব্রুয়ারী —– প্রকাশ্য দিবালোকে, রোগী-পরিজনের আনাগোনায় ভরা সরকারি হাসপাতাল চত্বর থেকে সিকিউরিটি সুপারভাইজারকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা। আর ঠিক দু’ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজের সুত্র ধরে পুলিশের ঝটিকা অভিযানে উদ্ধার অপহৃত। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। যা ঘিরে জেলায় শুরু হয়েছে তীব্র আলোড়ন।
পুলিশ জানায়, হাসপাতালের নিরাপত্তা সংস্থার সুপারভাইজার ধ্রুব রঞ্জন চৌধুরীকে হাসপাতাল প্রাঙ্গণ থেকেই একটি গাড়িতে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি সামনে আসতেই সহকর্মীরা ছুটে যান বালুরঘাট থানায়। অভিযোগ পেতেই জেলা জুড়ে জারি হয় হাই অ্যালার্ট। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে সন্দেহভাজন গাড়ির নম্বর ও গতিপথ চিহ্নিত করে পুলিশ।
সেই সূত্রে তপন থানা এলাকায় নাকা চেকিং চালিয়ে গাড়ি-সহ আটক করা হয় মূল অভিযুক্ত মকলেস মিয়াকে। উদ্ধার হন ধ্রুব রঞ্জন। দু’জনেরই বাড়ি কুমারগঞ্জ ব্লকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই অপহরণ।
ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক থানাকে সতর্ক করা হয়। সিসিটিভি বিশ্লেষণ করে দ্রুত গাড়িটি চিহ্নিত করা সম্ভব হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অপহরণের মোটিভ জানার চেষ্টা চলছে।
অপহৃতের মা সুচিতা চৌধুরীর কণ্ঠে আতঙ্ক ও আক্ষেপ, হঠাৎ খবর পাই ছেলেকে তুলে নিয়ে গেছে। কেন এমন হল, জানি না। খবর পেয়ে থানায় ছুটে আসি।
সরকারি হাসপাতালের নিরাপত্তা বলয় ভেদ করে এমন দুঃসাহসিক অপহরণে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। তদন্তে নেমেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here