হরিরামপুর দানগ্রাম ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

0
43

\দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের শিরশী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দানগ্রাম ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে সোমবার জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।
অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও একাধিক প্রদর্শনী কর্মসূচির আয়োজন করা হয়, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে এই ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মত প্রকাশ করেন অতিথিরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও জেলার অন্যতম নেতা শার্দুল মিত্র, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, শিরশী গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দন সিং, দানগ্রাম ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর মিয়া, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অনুপম চৌধুরী, শিক্ষক মনোজ সরকার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।