সুকদেবপুর হঠাৎপাড়ায় ‘ছেলেধরা’ সন্দেহে তিনজনকে আটক করল পুলিশ,এলাকায় ব্যাপক চাঞ্চল্য- তদন্তে পুলিশ

0
9

শীতল চক্রবর্তী বালুরঘাট ১২ মার্চ দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুকদেবপুর হঠাৎপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে ‘ছেলেধরা’ সন্দেহে তিন ব্যক্তিকে আটক করল স্থানীয় গ্রামবাসীরা।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন দুপুরে সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীদের মনে সন্দেহের সৃষ্টি হয়।পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা দাবি করেন যে,তারা মালদা জেলা থেকে প্লাস্টিকের বোতল কুড়ানোর উদ্দেশ্যে এলাকায় এসেছেন।তবে গ্রামবাসীদের অভিযোগ, তাদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা যায়।তখন তাদের আটক করা হয়েছে।
স্থানীয়দের দাবি,তল্লাশি চালিয়ে ওই তিনজনের কাছ থেকে কিছু মাদকদ্রব্যও পাওয়া গেছে। গ্রামবাসীদের আশঙ্কা,ওই মাদকদ্রব্য ব্যবহার করে শিশুদের অজ্ঞান করে অপহরণের পরিকল্পনা থাকতে পারে।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের বহু মানুষজন জড় হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্তদের ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানা পুলিশের বিশাল পুলিশ বাহিনী।পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এরপর সন্দেহভাজন তিনজনকে উদ্ধার করে জিজ্ঞাসা ওদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসী লবকুমার সরকার ও সন্ধ্যা ঘোষেরা জানান, “সন্দেহ হওয়ায় আমরা তিনজনকে আটক করি।পরে পুলিশে খবর দিলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”
এবিষয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুভতোষ সরকার জানান,“পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। পুরো ঘটনার তদন্ত চলছে। তারা কোনো অপরাধচক্রের সঙ্গে যুক্ত কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।”