শীতল চক্রবর্তী বালুরঘাট ২ এপ্রিল দক্ষিণ দিনাজপুরঃ- মহিলা ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে এই প্রথম চারদলীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল ‘রুদ্রাণী’ গ্রুপ। ১বুধবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৫ এপ্রিল রবিবার।
টুর্নামেন্টের প্রথম দিন থেকেই দর্শকদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। গঙ্গারামপুর স্টেডিয়ামে মহিলাদের ক্রিকেট খেলা দেখতে ভিড় উপচে পড়ে, যা এই ধরনের উদ্যোগের প্রতি সাধারণ মানুষের আগ্রহকেই স্পষ্ট করে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কলকাতার মত এই চারটি জেলার মহিলা ক্রিকেট দল এতে অংশগ্রহণ করেছে।
প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় জলপাইগুড়ি ও কলকাতার দল। দ্বিতীয় দিনে মাঠে নামে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের দুই মহিলা দল।প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল নজরকাড়া এবং প্রতিযোগিতামূলক, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।
এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা গঙ্গারামপুরের বিশিষ্ট ব্যবসায়ী শঙ্কর রায়। তাঁর উদ্যোগ ও সহযোগিতায় এমন একটি ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন সম্ভব হওয়ায় শহরবাসী তাঁকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি ‘রুদ্রাণী’ সংস্থার উদ্যোগকেও সকলেই প্রশংসা করেছেন।
গঙ্গারামপুরের কোচিং ক্যাম্পের প্রধান কোচ অতনু সরকার জানান, “জেলায় এই প্রথম মহিলাদের জন্য চারদলীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।এটি একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।এর মাধ্যমে ভবিষ্যতে আরও প্রতিভাবান মহিলা ক্রিকেটার উঠে আসবে।”
উদ্যোক্তা কমিটির সদস্য সজল দাস বলেন, “ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষের সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে। শঙ্কর রায়ের সহযোগিতায় এই ধরনের টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এখান থেকেই বড় মাপের মহিলা ক্রিকেটার তৈরি হবে বলে আমরা আশাবাদী।”
গঙ্গারামপুরে এই মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এমন উদ্যোগ আগামী দিনে জেলার ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর রুদ্রানী গ্রুপের আয়োজনে গঙ্গারামপুরে প্রথম মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, উৎসাহে ভরপুর দর্শকসমাগম






















