রক্তে লেখা তেভাগার ইতিহাসে মাথা নত খাঁপুর — শহীদ স্মরণে আবেগ, জনজোয়ার ও রাজনৈতিক বার্তার মঞ্চ বালুরঘাটে

0
7

বালুরঘাট, ২০ ফেব্রুয়ারী —- ইতিহাসের পাতা যেন আবার জীবন্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের খাঁপুর গ্রামে। তেভাগা শহীদ দিবস উপলক্ষে শুক্রবার সংগ্রামের স্মৃতি, আবেগ আর রাজনৈতিক উপস্থিতির মিলনে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয় এলাকায়। সকাল গড়াতেই বিভিন্ন রাজনৈতিক দলের পতাকায় সেজে ওঠে খাঁপুর। জেলার নানা প্রান্ত থেকে শতাধিক কৃষক, ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষের ঢলে গ্রাম পরিণত হয় এক স্মরণসভা ও সংগ্রামের প্রতীকী মঞ্চে।
জেলা প্রশাসনের নির্ধারিত সূচি মেনে বিকেল তিনটায় কিষান ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তেভাগা আন্দোলনের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ বেদীর সামনে নীরবতা ও স্লোগানে মিশে যায় ইতিহাসের আবেগ। যেখানে উপস্থিত ছিলেন জেলা কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহেনশা মোল্লা, বালুরঘাট ব্লক সভাপতি বিপ্লব দেবনাথ, মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি স্নেহলতা হেমব্রম, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক মিত্র ও মফিজ উদ্দিন মিয়া, ব্লক সভাপতি মলয় মণ্ডল-সহ একাধিক নেতৃত্ব। আয়োজিত হয় বর্ণাঢ্য মিছিল, যেখানে বিভিন্ন শাখা সংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এলাকা মুখর হয়ে ওঠে স্লোগানে। শহীদ পরিবারগুলিকে সংবর্ধনা জানিয়ে তাঁদের আত্মত্যাগকে স্মরণ করা হয় বিশেষ সম্মানের সঙ্গে।

জেলা সভাপতি শাহেনশা মোল্লা বলেন, ১৯৪৭ সালের ২০ ফেব্রুয়ারি তিনভাগ ফসলের দাবিতে আন্দোলনে নামা খাঁপুরের ২২ জন কৃষক পুলিশের গুলিতে শহীদ হন। তাঁদের আত্মবলিদান কৃষক অধিকার আন্দোলনের চিরন্তন আলোকস্তম্ভ।
সংগ্রামের সেই রক্তাক্ত ইতিহাসকে স্মরণ করে নতুন প্রজন্মের কাছে লড়াইয়ের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকারেই এদিন খাঁপুর হয়ে উঠল শ্রদ্ধা, ইতিহাস ও রাজনৈতিক তাৎপর্যের এক উজ্জ্বল মিলনক্ষেত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here