রক্তাক্ত বাসস্ট্যান্ডে ধুন্ধুমার কান্ড! পুরনো বিবাদে মারামারি, মাথা ফেটে হাসপাতালে বাসকর্মী

0
294

বালুরঘাট, ১১ মার্চ —– ভর সন্ধ্যায় হঠাৎই উত্তেজনার আঁচে ফেটে পড়ল বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বর। দুই যুবকের পুরনো বিবাদ ঘিরে ধুন্ধুমার মারামারিতে গুরুতর জখম হলেন এক বাসকর্মী। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ভর্তি করা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। বুধবার সন্ধ্যার এই ঘটনায় মুহূর্তের মধ্যেই বাসস্ট্যান্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, আহত যুবকের নাম সুরজ খটিক। পেশায় তিনি বাসকর্মী। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সন্ধ্যায় বাসস্ট্যান্ড লাগোয়া একটি কাউন্টার থেকে বের হওয়ার সময় এক টোটোচালকের সঙ্গে তাঁর মুখোমুখি দেখা হয়। পুরনো ঝামেলাকে ঘিরে দু’জনের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সেই বাকবিতণ্ডা রূপ নেয় মারামারিতে। ধস্তাধস্তির মাঝেই আচমকা পাকা রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান সুরজ। মুহূর্তে রক্তাক্ত হয়ে পড়েন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা ছুটে আসতেই দৌড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত যুবক। তবে বেশিক্ষণ পালাতে পারেনি। কিছুটা ধাওয়া করেই তাকে পাকড়াও করে পুলিশ। ঘটনাকে ঘিরে বাসস্ট্যান্ড চত্বরে ব্যাপক ভিড় ও উত্তেজনা তৈরি হয়।
স্থানীয় বাসিন্দা প্রীতম সিনহা ও গোপাল দেব জানান, ঠিক কী কারণে তাদের মধ্যে বিবাদ তা স্পষ্ট নয়। তবে আচমকা শুরু হওয়া মারপিটেই গুরুতর জখম হন সুরজ।
ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।