শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর | ১১ এপ্রিল, দক্ষিণ দিনাজপুর
গঙ্গারামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল জাতীয় সুরক্ষিত মাতৃত্ব দিবস। মাতৃ স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গর্ভবতী মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (CINI), গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবং নারী মুক্তি মহিলা সমিতির যৌথ উদ্যোগে একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। নারী মুক্তি মহিলা সমিতির সভাকক্ষ এবং বংশীহারী গ্রামীণ হাসপাতালে পৃথকভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল গর্ভাবস্থা ও প্রসবকালীন সময়ে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং মাতৃ মৃত্যুর হার কমানো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিধান চক্রবর্তী, গঙ্গারামপুর ব্লকের পি.এইচ.এন দুলালী সাহা, নারী মুক্তি মহিলা সমিতির সহ-সভানেত্রী শ্রীমতী শুভ্রা ঘোষ, সহ-সম্পাদক ডাঃ মুকুন্দ কুমার মণ্ডল, সদস্যা শ্রীমতী রাখি সাহা, চিফ কো-অর্ডিনেটর শ্রী প্রণব কুমার বসাক সহ অন্যান্য সদস্য-সদস্যাগণ।
গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন গর্ভবতী মহিলা ও তাঁদের অভিভাবকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও আশা কর্মীসহ মোট একশোর বেশি মানুষ উপস্থিত ছিলেন। একইভাবে বংশীহারী গ্রামীণ হাসপাতালেও ৫০ জনেরও বেশি গর্ভবতী মহিলা ও তাঁদের পরিবারবর্গকে মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয় এবং উপস্থিত গর্ভবতী মহিলাদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এবারের থিম ছিল— “Equity in Maternal Healthcare: Leaving No Mother Behind” অর্থাৎ “মাতৃ স্বাস্থ্য সেবায় সমতা: কোনো মা যেন বাদ না পড়েন”। এই বার্তাকে সামনে রেখে উপস্থিত সকলের মধ্যে মাতৃস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।
আলোচনায় টীকাকরণ, পুষ্টিকর খাদ্যাভ্যাস, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সরকারি বিভিন্ন প্রকল্প যেমন— জননী সুরক্ষা যোজনা, জননী ও শিশু সুরক্ষা কার্যক্রম এবং প্রতি মাসের ৯ তারিখে পালিত প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হয়। বক্তারা জোর দেন, গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক পুষ্টি গ্রহণ মাতৃ ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে গর্ভবতী মহিলা সহ উপস্থিত সকলের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। সহ-সভানেত্রী শ্রীমতী শুভ্রা ঘোষ জানান, “আজকের এই সচেতনতা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য একটাই— আর কোনো মাতৃ মৃত্যু নয়, কোনো মা যেন স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হন।”
এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে মাতৃস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন আয়োজকরা।




















