মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গঙ্গারামপুরে ছাত্র সহায়তা শিবির,উদ্যোগে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এ বি টি এ)

0
51


শীতল চক্রবর্তী, বালুরঘাট ৪ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর :-আসন্ন মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও বিষয়ভিত্তিক সঠিক দিকনির্দেশ দেওয়ার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল বিশেষ “ছাত্র সহায়তা শিবির”। রবিবার সকালে গঙ্গারামপুরের রবীন্দ্র স্মৃতি বিদ্যাপীঠ (হাইস্কুল) প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়।
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ((এ বি টি এ)) গঙ্গারামপুর শহর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম আঞ্চলিক শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে অভিজ্ঞ শিক্ষক ও পরীক্ষক মণ্ডলীর সদস্যরা মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। কোন বিষয়ে কীভাবে প্রস্তুতি নিতে হবে, পরীক্ষায় ভালো ফল করার কৌশল, সময় ব্যবস্থাপনা, উত্তর লেখার সঠিক পদ্ধতি—এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এদিন প্রায় ২০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী এই শিবিরে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সরাসরি অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে পরামর্শ পেয়ে পরীক্ষার্থীরা উপকৃত হয় বলে জানা যায়।
শিবিরে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ী, গঙ্গারামপুর মহকুমা সম্পাদক কল্লোল রায়, জেলা নেতৃত্বের সদস্য লক্ষণ ঘোষ, পাশাপাশি সমিতির অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
আয়োজক সংস্থা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, প্রতি বছরই তারা এ ধরনের ছাত্র সহায়তা শিবিরের আয়োজন করে থাকে। শুধু গঙ্গারামপুর নয়, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একাধিক সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই প্রসঙ্গে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ী বলেন,“বর্তমান সময়ে পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ অত্যন্ত বেশি। সেই চাপ কমিয়ে সঠিক দিকনির্দেশ দেওয়াই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। এই ধরনের শিবির ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
শিবির শেষে বহু পরীক্ষার্থী জানান, এই কর্মসূচির মাধ্যমে তাদের পড়াশোনার নানা জটিলতা অনেকটাই পরিষ্কার হয়েছে এবং পরীক্ষার আগে তারা নতুন উদ্যম ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here