ভোটের দোরগোড়ায় ‘দুলক্ষ রহস্য’! নাকা চেকিংয়ে নগদ উদ্ধার, তোলপাড় বালুরঘাট

0
191

বালুরঘাট, ৬ এপ্রিল —- ভোটের মুখে ফের নগদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। নির্বাচন কমিশনের নাকা চেকিং পয়েন্ট থেকে উদ্ধার হল প্রায় দু’লক্ষ টাকা। সোমবার দুপুরে বালুরঘাট-হিলি ৫১২ নম্বর জাতীয় সড়কের কলকলা খাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে একটি গাড়িতে করে দুই ব্যক্তি বালুরঘাট থেকে হিলির ত্রিমোহিনীর দিকে যাচ্ছিলেন। নিয়মমাফিক নাকা চেকিং চলাকালীন গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতেই উদ্ধার হয় নগদ প্রায় দু’লক্ষ টাকা। ভোটের আগে বিপুল নগদ উদ্ধারে স্বাভাবিকভাবেই সতর্ক হয়ে ওঠেন কর্তব্যরত আধিকারিকরা।
উদ্ধার হওয়া টাকার মালিক হিসেবে সামনে আসেন বালুরঘাটের ঘোষপাড়ার বাসিন্দা পার্থ ঘোষ। তাঁর দাবি, তিনি ভাগবত পাঠ করেন এবং মন্দির নির্মাণের উদ্দেশ্যে নিজে ও শিষ্যদের কাছ থেকে এই টাকা সংগ্রহ করেছিলেন। সেই টাকা ত্রিমোহিনী ব্যাংকে জমা দিতেই যাচ্ছিলেন। কিন্তু পথেই কমিশনের নজরে পড়ে যান।
নির্বাচন কমিশন জানিয়েছে, আপাতত টাকা আটক রাখা হয়েছে। তবে বৈধ উৎস ও প্রয়োজনীয় নথি পেশ করতে পারলে টাকা ফেরত দেওয়া হবে। ভোটের প্রাক্কালে নগদ উদ্ধার ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর, প্রশ্ন উঠছে টাকার উৎস ও উদ্দেশ্য নিয়েই।