বালুরঘাট, ১৮ মার্চ —- রাতের অন্ধকারে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল বালুরঘাট শহরে। মঙ্গলবার গভীর রাতে শহরের ৪ নম্বর ওয়ার্ডে ‘বয়কট বিজেপি’ পোস্টার ঘিরে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা মুহূর্তে রূপ নেয় ধুন্ধুমার পরিস্থিতিতে।
অভিযোগ, ওই ওয়ার্ডে লাগানো ‘বয়কট বিজেপি’ পোস্টারগুলি ছিঁড়তে যান বিজেপির কর্মীরা। নেতৃত্বে ছিলেন টাউন মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত। সেই সময় এক যুবক প্রতিবাদ জানালে শুরু হয় তুমুল বচসা, যা দ্রুতই রাজনৈতিক সংঘাতে পরিণত হয়।
তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরা পোস্টার ছেঁড়ার পাশাপাশি সাধারণ মানুষ ও তৃণমূল সমর্থকদের হেনস্থা করেন। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির পাল্টা দাবি, ‘বয়কট বিজেপি’ পোস্টার আসলে তৃণমূলেরই চক্রান্ত—দলকে বদনাম করতেই এই অপপ্রচার।
ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় পৌঁছন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। তিনি বলেন, “রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবেই হওয়া উচিত। বিজেপি রাজনৈতিকভাবে না পেরে অশান্তির পথ বেছে নিচ্ছে।
অন্যদিকে সমীর প্রসাদ দত্ত জানান, বিক্ষুব্ধ বিজেপির নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পুরো বিষয়টি প্রশাসনের নজরে আনা হবে।
ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা। নির্বাচনের মুখে এই সংঘাত নতুন করে রাজনৈতিক পারদ চড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।























