বিধায়ক ‘নিখোঁজ’, অনুন্নয়নে হাঁসফাঁস বালুরঘাট! দেওয়াল লিখনে নেমে বিজেপিকে তোপ দেগে প্রচারে নামলো বাম প্রার্থী

0
24

বালুরঘাট, ১৬ মার্চ —– পাঁচ বছরের ‘উন্নয়নহীনতা’ এবং মানুষের থেকে দূরে থাকা বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়ে ভোটের ময়দানে নামল বামেরা। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতেই শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। আর সেই ঘোষণার পরেই বালুরঘাটে রংতুলি হাতে নিজেই দেওয়াল লিখনে নেমে পড়লেন আরএসপি প্রার্থী অর্নব চৌধুরী।
জেলার সদর আসন বালুরঘাটে প্রার্থী করা হয়েছে আরএসপির অর্নব চৌধুরীকে। তিনি টানা সাতবারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর ছেলে। একইসঙ্গে তপন কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বাপ্পাই হরোকে এবং কুশমন্ডিতে জ্যোতির্ময় রায়কে। অন্যদিকে বামফ্রন্টের শরিক সিপিএম কুমারগঞ্জে মোফাজ্জল হোসেন, হরিরামপুরে গৌতম গোস্বামী এবং গঙ্গারামপুরে বিপ্লব বর্মনকে প্রার্থী করেছে।
প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন অর্নব। এদিন বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে নিজের প্রচার শুরু করেন তিনি। পেশায় শিক্ষক অর্নব ২০১০ সালে কুমারগঞ্জের আঙিনা বরইট হাইস্কুলে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বর্তমানে তিনি জেলার শিক্ষক সংগঠনের যুগ্ম সম্পাদক এবং রাজ্য কমিটির সহ-সম্পাদক পদেও দায়িত্ব সামলাচ্ছেন।
দলের একাংশ নেতৃত্বের দাবি, সংগঠনের মাটির সঙ্গে যুক্ত এবং সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্য অর্নবই বালুরঘাটে একসময়ের আরএসপির শক্ত ঘাঁটি ফের পুনরুদ্ধার করতে পারেন। পাশাপাশি তাঁর বাবা বিশ্বনাথ চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং টানা সাতবারের বিধায়ক ও মন্ত্রী হিসেবে কাজের স্মৃতিও এই কেন্দ্রে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন দেওয়াল লিখনের ফাঁকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অর্নব চৌধুরী। তাঁর অভিযোগ, গত পাঁচ বছরে বালুরঘাটে কোনও উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। কৃষক বিরোধী নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ যখন চরম অসহায় অবস্থায়। তখন নিজের কেন্দ্র থেকে নিখোঁজ রয়েছেন বিধায়ক। এলাকার মানুষের সমস্যা নিয়ে ওই বিজেপি বিধায়ককে কখনও সামনে দেখা যায়নি বলেই দাবি তাঁর।
ভোটের আগে যে অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই সরগরম বালুরঘাটের রাজনৈতিক মহল।