বালুরঘাটে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সঙ্গী

0
575

বালুরঘাট: রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই বিকট শব্দ। তারপরই রক্তাক্ত দেহ, ছিন্নভিন্ন মোটরবাইক—বালুরঘাট শহরের বালুরঘাট ক্লাব সংলগ্ন এলাকায় বুধবার রাতে ঘটে গেল এক মর্মান্তিক পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন গতিতে ছুটে আসা একটি মোটরবাইক রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকচালক শুভম দেবনাথের (২১)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভমের বাড়ি বালুরঘাট ব্লকের চকরাম প্রসাদ এলাকায়। দুর্ঘটনার সময় বাইকে তাঁর সঙ্গে ছিলেন বিক্রম মন্ডল। সংঘর্ষের তীব্রতায় দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর জখম অবস্থায় বিক্রমকে প্রথমে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা হয়ে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে, ইটভাটার কাজে ব্যবহৃত ডাম্পারটি কেন রাস্তার উপর দাঁড়িয়ে ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার বালুরঘাট পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চকরাম প্রসাদ এলাকায়। তরতাজা এক প্রাণ ঝরে যাওয়ায় স্তব্ধ গোটা এলাকা।