উত্তর দিনাজপুর:-পয়লা জানুয়ারি ইংরেজি নববর্ষের দিনে ছুটি আবার কাজের আদেশনামা রাজ্য সরকারের এই সরকারি নির্দেশকে ঘিরে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষক মহলে। রাজ্য সরকার থেকে ইংরেজি নববর্ষের দিন পয়লা জানুয়ারি শনিবার ছুটির দিন ঘোষণা করেছে। অথচ সেই পয়লা জানুয়ারির দিনেই জেলা শিক্ষা দপ্তর থেকে জেলার প্রাথমিক স্কুলগুলিতে মিড ডে মিল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই একই দিনে দুরকম ঘোষনায় চরম ধন্দে পড়েছেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সিপিআইএম এর শিক্ষক সংগঠন এবিপিটিএ এই নির্দেশ নিয়ে রাজ্য সরকারের দ্বিচারিতার উল্লেখ করেছেন। তৃনমূল প্রাথমিক শিক্ষক সংগঠন দাবি করেছে ১ তারীখ নয় ৩ জানুয়ারি থেকে স্কুলগুলিতে মিড ডে মিল দেওয়ার সিদ্ধান্ত নিক জেলা শিক্ষা দপ্তর। যদিও জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আধিকারিক তথা জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, সরকারি কর্মচারী মানেই প্রয়োজনে ২৪ ঘন্টাই ডিউটি। যা নির্দেশ দেওয়া হয়েছে সেইমতোই কাজ করতে হবে।
আগামী শনিবার নতুন বছর ২০২২ সালের শুরু। ইংরেজি নববর্ষের দিনে সরকারিভাবে ছুটির দিন ঘোষনা করেছে রাজ্য সরকার। পরদিন রবিবার হওয়ায় বহু সরকারি কর্মচারী নিউ ইয়ার উপভোগ করতে বাইরে ঘুরতেও বের হবেন বলে পরিকল্পনা করে রেখেছেন। কিন্তু সরকারি পয়লা জানুয়ারি এই ছুটির দিনেই উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দপ্তর থেকে প্রাথমিক স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহ করার নির্দেশ জারি করেছে। আর সেই নির্দেশকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। রাজ্য সরকার ছুটির দিন ঘোষনার পরেও কি করে জেলা শিক্ষা দপ্তর স্কুলগুলিতে কাজের নির্দেশ জারি করে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সিপিআইএম এর প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ’র জেলা সহ সম্পাদক ধ্রুব পাল জানিয়েছেন রাজ্য সরকার একই দিনে দুইরকম আদেশনামা জারি করে দ্বিচারিতা করছে। তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, আমরা নির্দেশটা পেয়েছি। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়েছি নিউ ইয়ারের জন্য পয়লা জানুয়ারি বাদ দিয়ে ৩ জানুয়ারি থেকে স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহ করার নির্দেশ দেওয়ার। যদিও উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক ভক্ত জানিয়েছেন সরকারি কাজের প্রয়োজনে ছুটির দিনেও কাজ করতে হবে। যা নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করতেই হবে।
























