পাসপোর্ট কেন্দ্রে আরডিএক্স হুমকিতে আতঙ্ক বালুরঘাটে! নিরাপত্তা নিয়েই প্রশ্নে পুলিশ, র‍্যাফের পোশাক পরে তল্লাশি বোম স্কোয়াডের

0
28

বালুরঘাট, ২৬ ফেব্রুয়ারী —– এক রহস্যময় ইমেল ঘিরে বৃহস্পতিবার সকালেই চরম আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ল বালুরঘাট হেড পোস্ট অফিস চত্বর। আরডিএক্স বিস্ফোরণের হুমকিতে পাসপোর্ট কেন্দ্র উড়িয়ে দেওয়ার বার্তা পৌঁছতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্ক। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতেই ঘটনাস্থলেই বোম ডিসপোজাল টিমকে কড়া ধমক দেন ডিএসপি সদর বিক্রম প্রসাদ—যা ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক।

পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পোস্টমাস্টারের কাছে একটি ইমেল আসে। সেখানে দাবি করা হয়, দুপুর ১২টা থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে আরডিএক্স বিস্ফোরণের মাধ্যমে পাসপোর্ট কেন্দ্র ধ্বংস করা হবে। বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই কর্মীদের অফিস ছাড়ার নির্দেশ দেওয়া হয়। হুড়োহুড়ি পড়ে যায় কর্মীদের মধ্যে,অসমাপ্ত কাজ, খোলা ফাইল, চালু কম্পিউটার ফেলে সবাই ছুটে বেরিয়ে আসেন বাইরে। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যেও।
যে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরে আসেন ডিএসপি সদর বিক্রম প্রসাদ। এলাকা ঘিরে ফেলে পুলিশ, সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয় নিরাপদ দূরত্বে। ডাকা হয় বোম ডিসপোজাল স্কোয়াড ও স্নিফার ডগ। তবে ঘটনাস্থলে পৌঁছে যথাযথ সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বোম স্কোয়াড সদস্যদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডিএসপি। সূত্রের খবর, তাঁর কড়া নির্দেশের পর থানায় থাকা র‍্যাফের পোশাক এনে পরে তল্লাশি অভিযান শুরু করেন বোম নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি, যদিও সন্দেহজনক কিছু মেলেনি।

ডিএসপি বিক্রম প্রসাদ জানান, হুমকিমূলক ইমেলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকা খালি করে তল্লাশি চালানো হয়েছে। ইমেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বালুরঘাট হেড পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্ট সুবল চন্দ্র বিশ্বাস বলেন, হুমকির বার্তা পাওয়ার পর কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পুলিশের তল্লাশির পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
একটি অজ্ঞাত ইমেল—আর তাতেই প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা কাঠামো। নিছক ভুয়ো বার্তা, নাকি বড় কোনও নাশকতার ট্রায়াল রান? উত্তর খুঁজছে তদন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here