পরীক্ষাকেন্দ্রে ‘মোবাইল কাণ্ড’! ৪৫ মিনিট দেদার ব্যবহার, ক্ষুব্ধ পরীক্ষার্থীদের বিক্ষোভে শেষমেশ বাতিল পরীক্ষা, উত্তেজনা পাথরঘাটায়

0
202

বালুরঘাট, ৮ মার্চ —- এসএসসি পরীক্ষায় মোবাইলের উপর কড়া নিষেধাজ্ঞা। প্রবেশপথে পুলিশি নজরদারি। তবুও পরীক্ষাকেন্দ্রের ভেতরেই প্রায় ৪৫ মিনিট ধরে মোবাইল ব্যবহারের অভিযোগ এক মহিলা পরীক্ষার্থীর বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অন্য পরীক্ষার্থীরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। চাপে পড়ে শেষমেশ অভিযুক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় কেন্দ্র কর্তৃপক্ষ। রবিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের পাথরঘাটা সুদর্শননগর পি এইচ এইচ ভি হাইস্কুলে।

পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, এদিন শুরু থেকেই পরীক্ষাকেন্দ্রে নজরদারির চিত্র ছিল অত্যন্ত ঢিলেঢালা। নিয়ম অনুযায়ী প্রবেশের আগে পরীক্ষার্থীদের কড়া তল্লাশির কথা থাকলেও বাস্তবে তা কার্যত নামমাত্র ছিল বলেই দাবি। আর সেই সুযোগেই গঙ্গারামপুরের বাসিন্দা মৌমিতা দাস নামে এক মহিলা পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে অনায়াসে কেন্দ্রে ঢুকে পড়েন বলে অভিযোগ।
স্কুলের ২০৫ নম্বর ঘরে বসে পরীক্ষা দেওয়ার সময় আচমকাই বিষয়টি নজরে আসে অন্য পরীক্ষার্থীদের। অভিযোগ, প্রায় ৪৫ মিনিট ধরে প্রকাশ্যেই মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন ওই পরীক্ষার্থী। প্রথমে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও তাতে বিশেষ কোনও তৎপরতা দেখা যায়নি বলেই অভিযোগ পরীক্ষার্থীদের। এতে ক্ষোভ আরও বাড়তে থাকে।
শেষমেশ পরিস্থিতি চরমে পৌঁছলে পরীক্ষাকেন্দ্রের ভেতরেই প্রতিবাদে সরব হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। শুরু হয় বিক্ষোভ। উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন ভেনু ইনচার্জ সঞ্জীব কুমার বর্মন। পরে তল্লাশি চালিয়ে অভিযুক্ত পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। নিয়ম মেনেই তাঁর পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। এসএসসি গ্রুপ-ডি পরীক্ষায় মোবাইল বা যে কোনও ইলেকট্রনিক ডিভাইস বহনে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে সেই নিয়ম ভাঙা হল? প্রবেশপথে পুলিশি নজরদারি থাকার পরেও কীভাবে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা সম্ভব হল— তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

পরীক্ষার্থী বেবি শীল ও তাপস রায়ের অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে কোনও কড়াকড়ি ছিল না। তল্লাশি প্রায় হয়নি বললেই চলে। প্রায় ৪৫ মিনিট ধরে মোবাইল ব্যবহার করলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। আমরা বিক্ষোভ দেখানোর পরেই শেষমেশ পদক্ষেপ করা হয়।

ভেনু ইনচার্জ সঞ্জীব কুমার বর্মন বলেন, ওই পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে। তিনি লিখিত মুচলেকা দিয়েছেন। নিয়ম অনুযায়ী তাঁর পরীক্ষা বাতিল করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here