নরকযন্ত্রণা থেকে মুক্তি! বালুরঘাটের জলঘরে পাঁচ কিমি নতুন রাস্তার শিলান্যাসে স্বস্তির হাসি গ্রামবাসীর

0
57

বালুরঘাট, ৮ মার্চ — দীর্ঘদিনের বেহাল রাস্তা নিয়ে নিত্যদিনের দুর্ভোগে অতিষ্ঠ ছিলেন গ্রামবাসীরা। বর্ষায় কাদা আর গর্তে ভরা পথ পেরিয়ে স্কুল, বাজার কিংবা হাসপাতালে যাওয়া যেন ছিল একপ্রকার নরকযন্ত্রণা। অবশেষে সেই দুর্ভোগের অবসানের আশায় নতুন রাস্তার কাজের শিলান্যাস ঘিরে খুশির হাওয়া ছড়াল বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
রবিবার জলঘর গ্রাম পঞ্চায়েতের ময়ামারি বটতলা থেকে ভাতশালা বিএসএফ ক্যাম্প পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তার নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়। নারকেল ফাটিয়ে ও গ্রামবাসীদের লাড্ডু বিতরণ করে এই প্রকল্পের উদ্বোধন করেন বালুরঘাট ব্লকের বিডিও সোহম চৌধুরী। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য মলয় মন্ডল, অশোক কুজুর সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই ওই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। গর্তে ভরা কাঁচা পথ দিয়ে যাতায়াতে প্রতিনিয়ত সমস্যায় পড়তেন বাসিন্দারা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগও জানান গ্রামবাসীরা। সেই দাবির পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা প্রায় ২ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ করে রাস্তা নির্মাণের জন্য।

পঞ্চায়েত সমিতির সদস্য মলয় মন্ডল জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ রাস্তার সমস্যায় ভুগছিলেন। বহুবার অভিযোগ জানানোর পর রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে অবশেষে এই রাস্তার কাজ শুরু হল। নতুন রাস্তা তৈরি হলে এলাকার বাসিন্দাদের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশাবাদী গ্রামবাসীরা।