নমিনেশন পর্ব ঘিরে শক্তির লড়াই, শুভেচ্ছায় মিশল রাজনীতি—জ্যামে স্তব্ধ বালুরঘাট

0
18

বালুরঘাট, ২ এপ্রিল —- বিধানসভা ভোটের নমিনেশন পর্ব যেন বালুরঘাটে রীতিমতো শক্তি প্রদর্শনের মঞ্চ। বৃহস্পতিবার দুপুর গড়াতেই শহরজুড়ে তৃণমূল ও বিজেপির পাল্টাপাল্টি মিছিল, আর তাতেই কার্যত থমকে গেল শহরের স্বাভাবিক ছন্দ। যানজটে নাজেহাল সাধারণ মানুষ, অথচ রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।
তৃণমূলের তরফে বালুরঘাট, কুমারগঞ্জ ও তপন—এই তিন বিধানসভা এলাকা থেকে আলাদা আলাদা মিছিল শহরের তিন প্রান্ত থেকে এগিয়ে আসে জেলা প্রশাসনিক ভবনের দিকে। সুসজ্জিত মিছিল, দলীয় পতাকার ঢেউ আর স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। তবে গঙ্গারামপুরের প্রার্থী গৌতম দাস এদিন মনোনয়ন জমা দেননি।
অন্যদিকে কৌশলে খানিক বদল আনে বিজেপি। সকালে মনোনয়ন জমা সেরে ফেলে তারা, এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে শহরজুড়ে শক্তি প্রদর্শনের মিছিল বের হয়। দুই প্রধান রাজনৈতিক শিবিরের এই শক্তি পরীক্ষায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট।
তবে উত্তেজনার মাঝেও ধরা পড়ল ভিন্ন ছবি। প্রশাসনিক ভবনের চত্বরে মুখোমুখি হয়ে সৌজন্য বিনিময় করতে দেখা গেল দুই দলের প্রার্থীদের। বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়, তৃণমূলের বর্ষীয়ান নেতা শঙ্কর চক্রবর্তীর পা ছুঁয়ে প্রণাম করেন—রাজনীতির ময়দানে বিরল সেই মুহূর্ত নজর কাড়ে সকলের।
বিদ্যুৎ রায়ের কথায়, শঙ্করবাবু অভিজ্ঞ ও সম্মানীয় ব্যক্তি, তাঁর আশীর্বাদ নিয়েই মনোনয়ন জমা করলাম।
অন্যদিকে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ বলেন, “রাজনৈতিক সৌজন্য বজায় রেখেই শুভেচ্ছা বিনিময় হয়েছে। মানুষের উচ্ছ্বাসই জয়ের ইঙ্গিত দিচ্ছে।
নমিনেশন ঘিরে এই শক্তি প্রদর্শন যেমন রাজনৈতিক বার্তা দিল, তেমনই ভোগান্তির মুখে পড়লেন শহরের সাধারণ মানুষ। ভোটের আগে বালুরঘাটে লড়াই যে জমে উঠেছে, তা স্পষ্ট।