“দলে থেকে ছুরি মারলে রেয়াত নেই” ভোটের আগে কড়া বার্তা দিয়ে বালুরঘাটে এসসি-ওবিসি সেলের নতুন কমিটি ঘোষণা তৃণমূলের

0
44

বালুরঘাট, ১৪ মার্চ—- বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে শাখা সংগঠন ঢেলে সাজানোর কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস। সেই সূত্রেই শনিবার বালুরঘাটে শহর তৃণমূলের এসসি ও ওবিসি সেলের নতুন কমিটি ঘোষণা করা হল। তবে কমিটি ঘোষণার পাশাপাশি দলের ভিতর থেকেই ‘বিশ্বাসঘাতকতা’র বিরুদ্ধে কড়া বার্তা দিলেন সংগঠনের জেলা সভাপতি সুধীর রায়।
বালুরঘাটের সুবর্ণতট সভাকক্ষে আয়োজিত এক সভায় ২৫ জনের শহর কমিটি গঠন করা হয়। একইসঙ্গে শহরের ২৫টি ওয়ার্ডে আলাদা করে সভাপতিদের নামও ঘোষণা করা হয়। যে সভায় উপস্থিত ছিলেন শহর এসসি-ওবিসি সেলের সভাপতি পামির দাস, গঙ্গারামপুর শহর সভাপতি বাবু চৌধুরী, বালুরঘাট ব্লক সভাপতি শান্ত সরকার। পাশাপাশি সভায় হাজির ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র, ছাত্র নেতা সৃঞ্জয় সান্যাল ও শ্রমিক সংগঠনের নেতা কৌশিক লাহা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
এদিন সভা মঞ্চ থেকেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন সুধীর রায়। তাঁর কথায়, “দলে থেকে পিছনে ছুরি মারা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দলের ভেতরের কিছু নেতা-কর্মীর বিশ্বাসঘাতকতাই সেই হারের অন্যতম কারণ।
সুধীর রায়ের বক্তব্য, তৃণমূলকে শক্তিশালী করার মূল চাবিকাঠি শাখা সংগঠন। তাই নতুন কমিটির দায়িত্ব শুধু সংগঠন বাড়ানো নয়, দলের ভেতরের ভাঙন রুখেও ঐক্যবদ্ধ ভাবে কাজ করা। ভোটের আগে সেই বার্তাই স্পষ্ট করে দিল বালুরঘাটের এই সভা।