বালুরঘাট, ৪ এপ্রিল —– বামেদের সঙ্গে জোট নয়, নিজেদের ঐতিহ্য ও রাজনৈতিক সত্ত্বা নিয়েই লড়াই— এই বার্তাকেই সামনে রেখে বালুরঘাটে মনোনয়ন জমা দিল কংগ্রেস। শনিবার দক্ষিণ দিনাজপুরে প্রার্থীদের মনোনয়নকে ঘিরে শহরজুড়ে নজরকাড়া শক্তি প্রদর্শনে নামল হাত শিবির।
জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া সুসজ্জিত মিছিল বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পৌঁছয় জেলা শাসকের দফতরের সামনে। মিছিলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা শহর। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক আবহে বাড়তি উত্তেজনা ছড়ায় এলাকায়।
এদিন বালুরঘাট, কুমারগঞ্জ, গঙ্গারামপুর ও তপন— এই চারটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব সহ অন্যান্য নেতৃত্ব।
জোট প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে গোপাল দেব বলেন, বাংলার মানুষ চাইছে কংগ্রেস তার নিজস্ব সত্ত্বা ও ইতিহাস নিয়েই লড়াই করুক। সেই কারণেই আমরা এবারে বামেদের সঙ্গে জোট না করে এককভাবেই নির্বাচনী ময়দানে নেমেছি।
রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের এই একক লড়াইয়ের সিদ্ধান্ত দক্ষিণ দিনাজপুরের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর জোট নয়, নিজস্ব সত্ত্বার লড়াই! বামেদের থেকে দূরত্বে কংগ্রেস, বালুরঘাটে শক্তি প্রদর্শন























