জনতার ঢলেই বদলে গেল হিসেব! বেচাকেনায় রেকর্ড, অভিষেকের সভায় হাসি ব্যবসায়ীদের মুখে

0
80

বালুরঘাট, ৩১ মার্চ —- সভার ভিড় কখনও কখনও সংখ্যার হিসেব ছাড়িয়ে যায় অন্য সূচকে—মুখে হাসি, ঝুড়িতে শূন্যতা। বালুরঘাটের টাউনক্লাব মাঠে তৃণমূলের জনসভা ঘিরে ঠিক তেমনই ছবি ধরা পড়ল মঙ্গলবার। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপচে পড়া ভিড়ের প্রমাণ যেন মিলল শশা-বাদাম বিক্রেতাদের ফাঁকা ডালা আর তৃপ্ত হাসিমুখে।
বেলা আড়াইটে নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছনোর আগেই মাঠে জায়গা ফুরিয়ে যায়। বালুরঘাট ও তপন—দুই কেন্দ্রের প্রার্থী অর্পিতা ঘোষ ও চিন্তামণি বিহারের সমর্থনে আয়োজিত এই সভায় দীর্ঘদিন পর এমন জনসমাগমে চমকিত স্থানীয়রাও।
সেই ভিড়ের সরাসরি প্রভাব পড়েছে ছোট ব্যবসায়ীদের রোজগারে। বাদাম বিক্রেতা দুলাল হালদার জানালেন, ২৫ কেজির বেশি বাদাম এনেছিলাম, এক দানাও অবশিষ্ট নেই। তাঁর অভিজ্ঞতায়, এমন বিক্রি বড় মেলাতেও সচরাচর দেখা যায় না।

একই সুর শোনা গেল শশা-পেয়ারা বিক্রেতা মামুন মণ্ডলের কথায়। ২০ কেজি করে শশা আর পেয়ারা এনেছিলাম, সব শেষ। অনেক ক্রেতাকেই ফিরিয়ে দিতে হয়েছে, বললেন তিনি।
দোকানিদের দাবি, এত বড় জনসমাগমের আন্দাজ ছিল না কারও। আর সেই অপ্রত্যাশিত ভিড়ই এনে দিল বাড়তি লাভের হাসি।
রাজনীতির মঞ্চে শক্তি প্রদর্শনের পাশাপাশি, বালুরঘাটে এদিন যেন আরেকটি দৃশ্য স্পষ্ট—জনতার ঢেউ শুধু ভোটের বার্তা দেয় না, বয়ে আনে রোজগারেরও সুবর্ণ সুযোগ।