শীতল চক্রবর্তী, বালুরঘাট | ৩ জানুয়ারি :শনিবার দুপুরে হঠাৎই টলিউডের আবহে রঙিন হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর। জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের আকস্মিক আগমনে মুহূর্তের মধ্যেই যেন লাইভ শুটিং সেটে পরিণত হয় শহরের ব্যস্ত ডিবি রোড।
এক নজর তারকা জুটিকে দেখার তীব্র আগ্রহে সাধারণ মানুষ থেকে তরুণ-তরুণী—সবাই ছুটে আসেন ডিবি রোডে। মুহূর্তের মধ্যেই দোকানের সামনে উপচে পড়ে জনসমুদ্র।
জানা গেছে, বালুরঘাটে তাঁদের আপকামিং বাংলা ছবি “নারী চরিত্র বেজায় জটিল”-এর প্রমোশনাল ইভেন্টে যোগ দিতে যাচ্ছিলেন অঙ্কুশ–ঐন্দ্রিলা। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রবেশ করার পর শীতের তীব্রতা অনুভব করায় তাঁরা গঙ্গারামপুরে কিছুক্ষণের জন্য থামেন। শীতের পোশাক কেনার উদ্দেশ্যে ঢুকে পড়েন ডিবি রোডের একটি নামী কাপড়ের দোকানে।
তারকাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি সামাল দিতে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
দুপুর ৩টা ১০মিনিটে দোকানে প্রবেশ করে প্রায় ১৫ মিনিট কেনাকাটা করেন এই তারকা জুটি।এরপর ৩টা ২৫ মিনিটে তাঁরা বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অঙ্কুশ হাজরা বলেন,“আমাদের আপকামিং মুভি নারী চরিত্র বেজায় জটিল-এর একটি ইভেন্ট রয়েছে বালুরঘাটে। তার আগে এখানে একটু এসেছিলাম। এই স্টোর থেকে যাওয়ার পরই সেখানে যাব।”
দোকানের কর্ণধার রাহুল আগরওয়াল আবেগাপ্লুত কণ্ঠে বলেন,“ওনারা বালুরঘাটে মুভির প্রমোশনে যাচ্ছিলেন। এখানকার ঠান্ডা অনুভব করে শীতের পোশাক কেনার জন্য আমার স্টোরে আসেন। অঙ্কুশ একটি জ্যাকেট ও স্টেজ প্রোগ্রামের জন্য একটি ব্লেজার নিয়েছেন। গঙ্গারামপুরে এমন একজন সেলিব্রেটিকে পেয়ে আমরা সত্যিই গর্বিত। উনি আমাদের তাঁর মুভি দেখার ও সাপোর্ট করার কথাও বলেছেন। আমরা অবশ্যই উনার মুভিকে সাপোর্ট করব।”
নতুন বছরের প্রথম শনিবারের দুপুরে তারকাদের এই আকস্মিক উপস্থিতি গঙ্গারামপুরবাসীর কাছে নিঃসন্দেহে এক স্মরণীয় মুহূর্ত হয়ে রইল। কিছুক্ষণের জন্য হলেও গঙ্গারামপুর শহর ছুঁয়ে ফেলল রুপোলি পর্দার আলো।
Home দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর গঙ্গারামপুরে হঠাৎ টলিউডের ঝলক,অঙ্কুশ–ঐন্দ্রিলাকে ঘিরে উন্মাদনা, ডিবি রোডে জনপ্লাবন























