খেলার ময়দানে ভোটের প্রচার, টুর্নামেন্টে জনসংযোগে জোর হরিরামপুরে

0
10

শীতল চক্রবর্তী হরিরামপুর ২৪ মার্চ দক্ষিণ দিনাজপুর । সোমবার রাতে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করতে খেলার ময়দানকেই বেছে নিলেন তৃণমূল কংগ্রেসের হরিরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের যুগিবাড়ি এলাকায় ১২দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করে কার্যত প্রচারের ময়দানে নেমে পড়লেন তিনি।
স্থানীয় যুগিবাড়ি যুব কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ঝাড়খণ্ড ও বিহার-সহ একাধিক এলাকার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে এলাকার যুব সমাজকে একত্রিত করার পাশাপাশি জনসংযোগ বাড়ানোর এই উদ্যোগকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় বিজয়ী দলকে ৬,০০০ টাকা ও ট্রফি এবং রানার্স দলকে ৪,০০০ টাকা ও ট্রফি প্রদান করা হবে।
এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের নেতা সার্দুল মিত্র, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, সহ-সভাপতি ফিরোজ আলম, ব্লক তৃণমূল সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি মনোজিৎ দাস, শিক্ষা কর্মাধ্যক্ষ খকেশ্বর দেবশর্মা, গোকর্ণ অঞ্চল সভাপতি শহিদুর রহমান সহ একাধিক নেতা-কর্মীরা।
খেলার ময়দান থেকেই বিপ্লব মিত্র জানান,
“এলাকার উন্নয়ন এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই আমাদের মূল লক্ষ্য। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার বার্তাই দিতে চাই।” যুব কমিটির নেতা হাসান আলী বলেন,”খেলাধুলার মধ্য দিয়েই ভোট প্রচারে আমরা নেমেছি। তাতে মানুষজনের প্রচুর সাড়া মিলেছে।”
রাজনৈতিক মহলের মতে, খেলাধুলার মতো সামাজিক কর্মসূচিকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর এই কৌশল নির্বাচনী লড়াইয়ে বিশেষ প্রভাব ফেলতে পারে।