শীতল চক্রবর্তী বালুরঘাট ৪ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তগত ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক ওসি প্রায় সমস্ত এলাকার সাধারণ মানুষের হৃদয়ে যিনি এক অনন্য স্থান করে নিয়েছেন,তিনি হলেন ফুলবাড়ী ট্রাফিক পুলিশের অফিসার-ইন-চার্জ প্রশান্ত কুমার দাস। শীতের কনকনে রাত, ঘন কুয়াশায় আচ্ছন্ন জাতীয় সড়ক—যেখানে দুর্ঘটনার আশঙ্কা সর্বদাই প্রবল, সেখানেই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এই দায়িত্বশীল পুলিশ আধিকারিক।
সারারাত ডিউটিরত অবস্থায় শুধু ট্রাফিক নিয়ন্ত্রণেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি ওসি প্রশান্ত কুমার দাস,গভীর রাতে কুয়াশার কারণে লরি চালক, পিকআপ ভ্যানের চালক ও পথচারীদের চোখে ঘুম ও অবসাদ নেমে আসতে দেখে তিনি নিজ উদ্যোগে চা ও বিস্কুটের ব্যবস্থা করেন। আশ্চর্যের বিষয় হলো জেলা পুলিশ সুপারের নির্দেশে সেই চা ও বিস্কুট তিনি নিজ হাতে গিয়ে পৌঁছে দেন চালক ও পথচারীদের কাছে।যাতে তাঁদের ক্লান্তি ও চোখের অলসতা কিছুটা হলেও কাটে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে।
এই মানবিক উদ্যোগে পথচারী থেকে শুরু করে ভারী যানবাহনের চালকদের মধ্যে ব্যাপক প্রশংসার ঝড় ওঠে। অনেক চালকই জানান,” রাতভর নিরন্তর পথচলায় এমন ছোট্ট যত্ন তাঁদের কাছে নতুন শক্তি এনে দিয়েছে। কুয়াশার রাতে যখন অনেকেই কেবল দায়িত্ব পালনের কথা ভাবেন, তখন প্রশান্ত কুমার দাস প্রমাণ করলেন—পুলিশ মানেই শুধু আইন নয়, মানুষের পাশে দাঁড়ানোও।”
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য” ফুলবাড়ী হাইওয়ে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা ছিল, যা এখন আর নয়। সেখানে ওসি প্রশান্ত কুমার দাসের নেতৃত্বে ট্রাফিক ব্যবস্থাপনা যেমন উন্নত হয়েছে, তেমনই তাঁর মানবিক আচরণ সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়েছে। তাঁকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে ভালোবাসা ও শ্রদ্ধা তৈরি হয়েছে, তা খুব কম পুলিশ আধিকারিকের ক্ষেত্রেই দেখা যায়।
ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক পুলিশের ওসি প্রশান্ত কুমার দাস জানিয়েছে “জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা এই ধরনের কাজ করে যাচ্ছি।এর ফলে দুর্ঘটনা অনেকটাই কমবে।” এমন কর্মসূচিতে ওসির সঙ্গে ছিলেন এএসআই অমূল্যবাবু, রাজেশ চবে ,এএসআই আব্দুল মজিদ সহ পুলিশ কর্মী ও সিভিকেরা।
এই উদ্যোগ শুধু প্রশংসনীয় নয়, অনুকরণীয়ও বটে। কর্তব্যের বাইরে গিয়ে মানুষের জন্য এমন মানবিক পদক্ষেপ সমাজে ইতিবাচক বার্তা দেয়। তাই ফুলবাড়ী হাইওয়ে সহ সমগ্র এলাকার জনসাধারণের পক্ষ থেকে ওসি ট্রাফিক প্রশান্ত কুমার দাসকে আরেকবার স্যালুট ও কুর্নিশ জানায় তিনি আমাদের মধ্যে একজন দায়িত্ববান পুলিশ আধিকারিক হিসেবেই নয়, মানবিক মানুষ হিসেবেও সর্বদা জাগ্রত থাকবেন—এটাই সকলের প্রত্যাশা।
Home দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর কুয়াশার রাতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাসের,জনতার...























