একলাফে দেড় হাজারে লক্ষ্মীর ভান্ডার! ঢাকের তালে দিদিকে ধন্যবাদ জানিয়ে মিছিল বালুরঘাটের মহিলাদের

0
39

এক হাজার থেকে সরাসরি দেড় হাজার—লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বাসে ভাসল বালুরঘাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাট থানা মোড় চত্বরে ঢাকের তালে তালে আনন্দ মিছিল করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী-কর্মীরা। সবুজ আবীর মেখে, মিষ্টি মুখ করিয়ে উৎসবের আমেজে ভরে ওঠে এলাকা।
মহিলা তৃণমূল নেত্রী স্নেহলতা হেমব্রমের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিত সাহা, প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র, ভাইস চেয়ারম্যান মুনমুন কর, শহর যুব তৃণমূল নেতা মনি দাস-সহ মহিলা সংগঠনের একাধিক নেতৃত্ব।
উচ্ছ্বাসের মাঝেই স্নেহলতা হেমব্রম বলেন, “দিদি মানুষকে কথা দিলে তা রাখেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাজেটে তা বাস্তবায়িত হয়েছে। ৫০০ টাকা বাড়িয়ে মহিলাদের হাতে আরও শক্তি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এই আনন্দ মিছিলের মাধ্যমে আমরা তাঁকে ধন্যবাদ জানালাম।
মিছিল ঘিরে সন্ধ্যা জুড়ে জমজমাট হয়ে ওঠে থানা মোড় এলাকা। সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় উৎসাহ ও কৌতূহল। লক্ষ্মীর ভান্ডারের এই অর্থ বৃদ্ধিকে অনেকেই রাজ্যের মহিলাদের আর্থিক স্বাবলম্বনের পথে আরও এক বড় পদক্ষেপ বলেই মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here