বালুরঘাট, ১০ ফেব্রুয়ারী —- উন্নয়ন মানেই কেবল পিচঢালা রাস্তা বা নিকাশির কাজ—এই চেনা ধারণাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল বালুরঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে এলাকার সার্বিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল এই ওয়ার্ড। বালুরঘাট পৌরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে একমাত্র ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাই প্রথম এই প্রকল্পে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রস্তাব দেন। জনতার সেই দাবিকেই গুরুত্ব দিয়ে দ্রুত বাস্তবায়নের পথে হাঁটল পুরসভা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওয়ার্ডের নিরাপত্তা বলয় আরও মজবুত করতে এই প্রকল্পে বরাদ্দ হয়েছে মোট ৩ লক্ষ ৯৭ হাজার ৮৫ টাকা। উল্লেখযোগ্যভাবে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির ইতিহাসে এই প্রথম কোনও ইলেকট্রিক সামগ্রী বসানো হচ্ছে। শুধু তাই নয়, অন্যান্য ওয়ার্ডের তুলনায় এই ওয়ার্ডেই প্রথম স্থাপিত হতে চলেছে সিসিটিভি ক্যামেরা।
ওয়ার্ডবাসীদের দীর্ঘদিনের দাবি ও প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এলাকাবাসীর ভাবনাকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেন ওয়ার্ড কাউন্সিলর তথা বালুরঘাট পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অশোক কুমার মিত্র। তাঁর সক্রিয় উদ্যোগ ও প্রশাসনিক তৎপরতায় অল্প সময়ের মধ্যেই কাজ শুরু হয়েছে।
সূত্রের খবর, মাত্র চার দিনের মধ্যেই ওয়ার্ডের ২২টি গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এর ফলে চুরি, ছিনতাই-সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রুখতে কার্যকর নজরদারি সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই খুশি ও স্বস্তিতে ওয়ার্ডবাসীরা। তাঁদের মতে, এই উদ্যোগ শুধু নিরাপত্তাই বাড়াবে না, ভবিষ্যতে বালুরঘাটের অন্যান্য ওয়ার্ডের কাছেও উন্নয়নের নতুন দিশা দেখাবে।























