আবাসের টাকায় ভাঙল ভালবাসার ঘর! প্রথম কিস্তি মিলতেই ‘পুরনো প্রেম’-এর ডাকে উধাও স্ত্রী, সর্বস্বান্ত দিনমজুর

0
34

বালুরঘাট, ১১ ফেব্রুয়ারী —- বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা হাতে আসতেই ভেঙে চুরমার স্বপ্নের ঘর। প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও—আর সেই খবরে তোলপাড় বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের পণ্ডিতপুর এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর শিবাই লাহা বছরখানেক আগে ভালোবেসে ফুলকি লাহাকে বিয়ে করেন। মাটির ঘরে কষ্টের সংসার হলেও নতুন পাকা বাড়ির আশায় সম্প্রতি আবাস যোজনায় আবেদন করেছিলেন তিনি। কয়েকদিন আগে প্রথম কিস্তির টাকা মেলে। স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে সেই অর্থ। নতুন ঘর গড়ার স্বপ্নে খানিকটা স্বস্তি ফিরেছিল শিবাইয়ের পরিবারে।
কিন্তু মঙ্গলবার আচমকাই বদলে যায় চিত্র। পরিবারের দাবি, বাড়িতে কেউ না থাকার সুযোগে ফুলকি পুরনো এক প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। অভিযোগ, আবাসের টাকা ছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর নগদ ১০ হাজার টাকা ও কয়েক ভরি সোনার গয়না সঙ্গে নিয়ে গিয়েছেন তিনি। জানা গিয়েছে, বিয়ের আগে দীর্ঘদিন এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন ফুলকি। সেই সম্পর্কই নাকি ফের জোড়া লাগে গোপনে।
স্ত্রীকে বাড়িতে না পেয়ে ভেঙে পড়েছেন শিবাই। তাঁর ঠাকুমা স্বাগতা লাহার কথায়, “সরকারি ঘরের টাকা আর গয়না নিয়ে পালিয়েছে বউমা। আমরা সর্বস্বান্ত।
যদিও এ ঘটনায় এখনও পর্যন্ত বালুরঘাট থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে গ্রামজুড়ে এখন একটাই প্রশ্ন—আবাসের টাকা কি তবে ভাঙল একটি সংসার?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here