বালুরঘাট, ২০ জানুয়ারী —– বালুরঘাটের বুক চিরে বয়ে যাওয়া আত্রেয়ী খাড়িতে কঙ্কাল ভেসে আসার ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই তুমুল চাঞ্চল্য ছড়াল শহরের আন্দোলন সেতু সংলগ্ন এলাকায়। আত্রেয়ী নদী থেকে সৃষ্ট এই খাড়িটি শহরের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে প্রবাহিত। প্রতিদিনের মতো এদিনও বালুরঘাট পৌরসভার পার্কিং সংলগ্ন এলাকায় বসেছিল পাইকারি বাজার। বাজারে আসা কয়েকজনের চোখে প্রথম পড়ে খাড়ির জলে ভেসে থাকা একটি কঙ্কাল জাতীয় বস্তু।
যে খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে এলাকায় ভিড় জমে যায়। আতঙ্কের আবহে বিষয়টি জানানো হয় বালুরঘাট থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তদন্ত শুরু করে। কঙ্কালটি কোথা থেকে ভেসে এল, সেটি মানবদেহের আসল কঙ্কাল নাকি প্লাস্টিক বা থার্মোকলের তৈরি—এই প্রশ্ন ঘিরেই জোর জল্পনা শুরু হয়।
আন্দোলন সেতুর পার্শ্ববর্তী দোকানদার বিজয় রবিদাস ও দেবানন্দ পালরা জানান, সেতুর দিক থেকেই কঙ্কালটি ভেসে আসতে দেখেছেন তাঁরা। তবে সেটি আসল না নকল, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। কঙ্কালটির গায়ে কোনও মাংস বা টিস্যুর চিহ্ন না থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, বস্তুটি সম্ভবত প্লাস্টিকের তৈরি। তবে আরো সঠিকটা জানতে বিস্তারিত তদন্ত চলছে বলেও জানিয়েছে বালুরঘাট থানার পুলিশ।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর আত্রেয়ী খাড়িতে ভেসে উঠল কঙ্কাল! আসল না নকল—রহস্য ঘিরে আতঙ্ক বালুরঘাটে























