বালুরঘাট, ৮ মার্চ — আইপিএলের আবহে জমে উঠেছে বালুরঘাটের প্রো টি–টোয়েন্টি লিগ। আর সেই রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় দাপট দেখিয়ে গ্রুপ–এ শীর্ষস্থান দখল করে সেমিফাইনালে জায়গা পাকা করল ব্যালেস্টিক ইলেভেন বালুরঘাট। রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা কার্যত উড়িয়ে দিল নিউ চিত্তরঞ্জন ফ্লাইং চিতার্স করদহকে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে নিউ চিত্তরঞ্জন ফ্লাইং চিতার্স করদহ। শুরুটা মোটামুটি হলেও ব্যালেস্টিকের শৃঙ্খলাবদ্ধ বোলিং আক্রমণের সামনে বড় ইনিংস গড়ে তোলার সুযোগ পায়নি করদহের ব্যাটাররা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে ব্যালেস্টিক ইলেভেন। বাউন্ডারি–ছক্কার ঝড় তুলে মাত্র ১৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। গ্যালারিতে তখন উচ্ছ্বাসের ঢেউ—বালুরঘাটের দল যেন মাঠেই লিখে ফেলল আধিপত্যের গল্প।
এর আগে ব্যালেস্টিক ইলেভেন বিপুল ব্যবধানে হারিয়েছিল বালুরঘাট টাইটান্সকে। যদিও লাইন জায়েন্সের কাছে অল্প ব্যবধানে হার তাদের চাপে ফেলেছিল। ফলে রবিবারের ম্যাচ কার্যত ছিল ‘মরণ–বাঁচন’ লড়াই।
সেই পরীক্ষাতেই উজ্জ্বল ব্যালেস্টিক ইলেভেন। দাপুটে জয়ে শুধু সেমিফাইনালের টিকিটই নয়, গ্রুপ–এ শীর্ষ দল হিসেবেও নিজেদের শক্তির প্রমাণ দিল বালুরঘাটের এই দল। এখন নজর সেমিফাইনালের মঞ্চে নতুন জয়গাথা লেখার।
Home দক্ষিণ দিনাজপুর বালুরঘাট আইপিএল–এর আবহে প্রো টি–টোয়েন্টি লিগে দাপুটে জয়! করদহকে উড়িয়ে গ্রুপ শীর্ষে ব্যালেস্টিক,...

























